বেকারত্ব ১৫ শতাংশে নামিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশে বেকারত্বের হার ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। বর্তমানে বেকারত্বের হার ৪০ শতাংশ। বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং বেকার সমস্যার সমাধানে কর্মসংস্থান সৃষ্টিমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে গাজীপুরের সাংসদ রহমত আলীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল তিনটা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব স্পিকার টেবিলে উপস্থাপন করেন। বিরোধী দলের সাংসদেরা অধিবেশনের শুরুতেই সংসদে যোগ দেন।নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ভূগর্ভস্থ পানি প্রতিনিয়ত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর দুই থেকে তিন মিটার করে নিচে নেমে গেছে। এর ফলে ভূতত্ত্বগত প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ভূমিধস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আশঙ্কা রয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ জন্য এরই মধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।