সরকার ও বিশ্বব্যাংকের মধ্যকার টানাপোড়েনে বিবিয়ানায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ৩৩৫ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট-২ কেন্দ্রটির বাস্তবায়নও একই কারণে আটকে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু উদ্যোক্তাদের তৎপরতায় সেটির সময়মতো বাস্তবায়ন এখন প্রায় নিশ্চিত হয়েছে। বেসরকারি খাতে প্রতিটি ৩৪১ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিবিয়ানা-১ ও ২ এবং দ্বৈত জ্বালানিভিত্তিক মেঘনাঘাট-২ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দেশীয় কোম্পানি সামিট গ্রুপ। তাদের অংশীদার হিসেবে আছে জিই যুক্তরাষ্ট্র। এই কেন্দ্র তিনটি থেকে সরকার ২২ বছর ধরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে মাত্র আড়াই টাকা করে, যা এখন পৃথিবীতে সর্বনিম্ন দাম।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, এই কেন্দ্রগুলো চালু হলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ যেমন স্থিতিশীল হবে, তেমনি বিদ্যুতের দাম নিয়ন্ত্রিত রাখাও সম্ভব হবে। কিন্তু উপরিউক্ত টানাপোড়েনের কারণে পরিস্থিতি পাল্টে যাচ্ছে।বিশ্বব্যাংকের ভূমিকা: সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিদ্যুৎ খাত মহাপরিকল্পনায় (পিএসএমপি) বিবিয়ানায় কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ছিল না। বিশ্বব্যাংকের পরামর্শ ও সহায়তার আশ্বাসে সরকার সেখানে গ্যাসক্ষেত্র সংলগ্ন দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করে। সরকারের পক্ষে পাওয়ার সেল এই প্রক্রিয়ার তত্ত্বাবধান করে।বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট যেকোনো প্রকল্পের মতো বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পের জন্যও বিশ্বব্যাংকের অনুমোদিত উচ্চ বেতনের একজন পরামর্শক নিয়োগ করা হয়। টম ওয়েস্ট নামের ওই পরামর্শক প্রকল্পের জন্য চারটি চুক্তি—বিদ্যুৎ ক্রয়, গ্যাস বিক্রি, ভূমি লিজ এবং বাস্তবায়ন চুক্তির খসড়া চূড়ান্ত করেন। প্রকল্প প্রক্রিয়ার প্রতিটি বিষয় বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ে পাঠানো হতো বলেও পাওয়ার সেল সূত্র জানায়।২০১০ সালের অক্টোবর মাসে বিশ্বব্যাংক বিদ্যুৎসচিবকে লেখা এক চিঠিতে বিবিয়ানার কেন্দ্র দুটিসহ মোট চারটি বড় বিদ্যুৎকেন্দ্রের (অন্য দুটি হচ্ছে মেঘনাঘাট-২ ও সিরাজগঞ্জ) জন্য ‘পার্শিয়াল রিস্ক গ্যারান্টি (পিআরজি)’ দেওয়ার কথা জানায়। এর অর্থ হচ্ছে—বিশ্বব্যাংক এসব প্রকল্পে আর্থিক সহায়তা তো দেবেই, এই প্রকল্পের রাজনৈতিক ঝুঁকি নিরসনের দায়িত্বও তাদের। উদ্যোক্তাদের আশ্বস্ত ও আকৃষ্ট করার জন্য বিশ্বব্যাংকের এই পিআরজি ‘রিকোয়েস্ট ফর প্রোপোজাল (আরএফপি)’-তেও যুক্ত করা হয়।এরপর বিশ্বব্যাংক জানায়, তারা বাংলাদেশ ব্যাংককে ‘ইনভেস্টমেন্ট প্রোমোশন ফ্যাসিলিটেশন ফান্ড (আইপিএফএফ)’ নামে ২৫ কোটি ডলারের একটি তহবিল দেবে। বাংলাদেশ ব্যাংক স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পে ওই অর্থ বরাদ্দ করবে। প্রায় একই সময়ে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি বিবিয়ানা প্রকল্পে ১৫ কোটি ডলার সহায়তার আশ্বাস দেয়। এরপর এশীয় উন্নয়ন ব্যাংকও ১৫ কোটি ডলার সহায়তার আশ্বাস দেয়। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) চার কোটি ডলার বিনিয়োগে এগিয়ে আসে।এই পর্যায়ে বিশ্বব্যাংক সরকারকে জানায়, তারা এই প্রকল্পের ‘লিড অ্যারেঞ্জার’ অর্থাৎ প্রকল্পের সব ঋণদানকারীর মুখপাত্র হবে। সে অনুযায়ী প্রকল্পের জন্য চারটি পরামর্শক (প্রকৌশল, আইন, অর্থ ও পরিবেশ) নিয়োগ করে। এই পরামর্শকেরা প্রকল্পের সব কাজ অনুমোদন করে। শুধু পরিবেশের পরামর্শক প্রকল্পের স্থান থেকে ২১টি পরিবারকে পুনর্বাসনের কথা বলে।ইতিমধ্যে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিনিয়োগের জন্য ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটেশন ফান্ড (বিআইএফএফ)’ নামে এক হাজার ৬০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে।ফলে আগ্রহী উদ্যোক্তাদের সামনে প্রকল্পে অর্থায়নের কোনো সমস্যা থাকে না। এই পরিস্থিতিতে উদ্যোক্তারা আরএফপি দাখিল করে।দ্বন্দ্বের শুরু পদ্মা সেতু: সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক। সরকার ওই অভিযোগ অস্বীকার ও চ্যালেঞ্জ করে। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পও। গত নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রকল্পের উদ্যোক্তাদের ডেকে বলে, প্রকল্পের সব কাগজপত্র তাদের প্রধান কার্যালয় দেখতে চেয়েছে। তাই সেগুলো সেখানে পাঠানো হয়েছে। সেখান থেকে কাগজপত্র ফেরত না আসা পর্যন্ত প্রকল্পে সহায়তা দেওয়ার বিষয়ে তারা কিছুই বলতে পারছে না। এরপর এডিবি জানায়, প্রকল্পের মুখপাত্র যেহেতু কাজ করছে না, সেহেতু তাদেরও আর এই পর্যায়ে কিছু করার নেই। এভাবে অর্থায়নের নিশ্চয়তা ঘোরতর অনিশ্চয়তায় পরিণত হয়।সামিট কী করছে: বিবিয়ানা কিংবা মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প বেসরকারি খাতের (আইপিপি)। এসব প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা—সবকিছুরই দায় শেষ পর্যন্ত উদ্যোক্তার। সরকার এখানে অনুঘটকের ভূমিকা পালন করে এবং দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ কেনার নিশ্চয়তা দেয়।তবে এ ক্ষেত্রে সরকারের আরেকটি করণীয় আছে বিআইএফএফকে কার্যকর করা। প্রায় দুই বছর হলো সরকার এক হাজার ৬০০ কোটি টাকার ওই তহবিলটি গঠন করলেও এখন পর্যন্ত সেখান থেকে কোনো প্রকল্পে বিনিয়োগ করা হয়নি। এই পরিস্থিতিতে প্রকল্পগুলোর উদ্যোক্তা সামিট গ্রুপ কী করছে জানতে চাইলে গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো বিশ্বব্যাংক এবং এডিবির বর্তমান অবস্থান পরিবর্তন হওয়ার অপেক্ষা করছি। আমরা মনে করি, এটা পরিবর্তন হবে। কারণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে সহায়তা দেওয়ার জন্যই বিশ্বব্যাংক গঠিত হয়েছে।’আজিজ খান বলেন, ‘তবে মাস খানেকের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন না হলে আমরা অন্য বিনিয়োগকারীদের নিয়ে প্রকল্পের বাস্তবায়ন শুরু করে দেব। যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ইসলামি উন্নয়ন ব্যাংকের আগ্রহ আছে আমাদের প্রকল্পে বিনিয়োগ করার। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে।’