বেক্সিমকো কারখানার গ্যাসে স্কুলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে নির্গত গ্যাসে পাশের হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুলের সাতজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। ওই গ্যাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।কারাখানার গ্যাসে সাতজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। তাদের মধ্যে তিনজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো: এস এইচ নুর (৭), তাবিব হাসান (৯) ও ফাহিম হোসেন (১০)। স্কুলের প্রধান শিক্ষক এম এম হেলাল উদ্দিন জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে নির্গত গ্যাসে শিক্ষার্থীরা বারবার বমি করতে থাকে। তাদের মধ্যে সাতজন অজ্ঞান হয়ে যায়। এ ঘটনায় তাড়াহুড়ো করে স্কুল থেকে বের হতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।এর আগেও বেক্সিমকোর কারখানা থেকে নির্গত গ্যাসে কয়েকবার স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে অভিযোগ করে স্কুলের প্রধান শিক্ষক বলেন, ২০০৬ সালে ১০ জন অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিত্সা নিয়েছে। তখন এ ব্যাপারে টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়। ২০০৭ ও ২০০৮ সালে একই ঘটনার পুনরাবৃত্তি হলে কারখানার কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু তারা ব্যবস্থা নেবে বলেও কোনো প্রতিকার করেনি। উপরন্তু তারা স্কুলে আর্থিক অনুদান দেওয়ার প্রলোভন দেখায় বলে অভিযোগ করেন ওই শিক্ষক।সরেজমিনে দেখা গেছে, স্কুলের পাশে কারখানার সীমানা দেয়ালের সঙ্গে লাগানো পানি নিষ্কাশনের নালা থেকে ক্রমাগত গ্যাস বের হচ্ছে। কারখানার তিন তলা ভবনের ছাদে একটি চিকন পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। এলাকাবাসী জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে প্রায়ই গ্যাস নির্গত হয়। এতে আশপাশের এলাকার লোকজন প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। তারা কারখানা অন্যত্র সরানোর দাবি জানান। হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরাও এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নুর আলম প্রথম আলো ডটকমকে জানান, ওষুধ কারখানার ফিউম ডেলিভারেশন পাইপ (ধোঁয়া নির্গমন পথ) কমপক্ষে ৬০ ফুট উঁচু থাকা দরকার। বেক্সিমকো ফার্মা কারখানায় কেন গ্যাস নির্গমন হচ্ছে তা তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। এ সময় ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আইসো প্রোফাইল অ্যালকোহল, এসিটিক এসিড এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে এমন হয়েছে।’ তিনি আরও জানান, ‘আমরা সব সময় এর মধ্যে থাকাতে সমস্যা হয় না, তবে প্রথমবার এসব গ্যাস নিঃশ্বাসে গেলে অনেকে জ্ঞান হারায়।’কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মেহবুবুল হক বলেন, গ্যাস নির্গমন রোধে দ্রুত ব্যবস্থা নেবে কারাখানা কর্তৃপক্ষ।