বেগম নূরুণ নাহার তর্কবাগীশ কলেজে অনার্স খোলার দাবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূরুণ নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজে অনার্স কোর্স না থাকায় উপজেলার ১০টি কলেজ থেকে প্রতিবছর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করলেও আর্থিক অনটনে সম্মান কোর্স করতে পারছেন না। বেগম নূরুণ নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোত্তালেব শেখ জানান, জেলা সদরে অবস্থিত সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজেই শুধু সম্মান কোর্স আছে। কিন্তু অর্থনৈতিক সংকটে প্রতিবছর এ উপজেলা থেকে পাস করা শিক্ষার্থীদের মাত্র পাঁচ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারেন। অন্যরা ভর্তি হতে না পারায় উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য তিনি তাঁর কলেজে অনার্স কোর্স খোলার সব সুবিধা থাকায় এ বছরই সেখানে কোর্সটি খোলার দাবি জানান।জানা গেছে, ১৯৯২ সালে প্রায় চার একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে কলেজে ৩২টি বিষয়ে ৫৬ জন শিক্ষক পাঠদান করেছেন। কলেজে রয়েছে প্রশাসনিক, বিজ্ঞান, বাণিজ্য, কলা, একাডেমিক ভবনসহ সম্মান কোর্স চালু করার মতো প্রয়োজনীয় অবকাঠামো। এ ছাড়া কলেজে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। কলেজে বর্তমানে প্রায় এক হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছেন। ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার জানান, অবহেলিত রায়গঞ্জ উপজেলার কলেজটিতে অনার্স কোর্স চালু হলে এলাকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার নতুন দিক উন্মোচিত হবে। কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ শামসুল আলম বলেন, ‘অনার্স কোর্স চালুর যোগ্যতাসম্পন্ন এ কলেজটিতে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পরিদর্শক দল পরিদর্শন করে গেছে। আমরা আশা করছি, খুব শিগগিরই সম্মান কোর্স চালুর অনুমতি মিলবে।’