ছয় শিক্ষক-কর্মকর্তার বরখাস্তের আদেশ স্থগিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা (ভিডিও)
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-বিরোধী আন্দোলনকারীদের ওপর আজ শনিবার হামলা চালিয়েছে পুলিশ। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ ৭০ জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে আজ থেকে ৭ মে পর্যন্ত টানা ধর্মঘট ডেকেছেন আন্দোলনকারীরা।এদিকে এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বিকেল তিনটায় উপাচার্য আবদুল জলিলের বাসভবনে সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপাচার্য জানিয়েছেন। একই সঙ্গে চার শিক্ষক ও দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য-বিরোধী আন্দোলনকারী চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে বরখাস্ত করার আদেশ প্রত্যাহারের দাবিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে দুর্নীতিবিরোধী গণমঞ্চের উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সব ফটকে তালা লাগিয়ে দেন। এরপর কয়েক শ’ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কে বা কারা ক্যাম্পাসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর কোনো উসকানি ছাড়াই হামলা চালায় পুলিশ। লাঠিপেটা করে, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে তারা। এ সময় পাঁচজন শিক্ষক-কর্মকর্তাসহ ৭০ জন আন্দোলনকারী আহত হন। এঁদের মধ্যে ৩২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত তিন দফায় আন্দোলনকারীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয় পুলিশ। এরপর ক্যাম্পাসের বাইরে রংপুর ক্যাডেট কলেজের সামনে থেকে পার্কের মোড় পর্যন্ত বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুপুর দেড়টার দিকে সেখান থেকেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময়ও আন্দোলনকারীদের লাঠিপেটা করা হয়। একই সঙ্গে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট। এই পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে আগামী ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে দুর্নীতিবিরোধী গণমঞ্চ। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা ডাকা হয়।বিস্ফোরণের পর ক্যাম্পাস থেকে ককটেলসহ মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজিব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ জানুয়ারি ছাত্রলীগের ব্যানারে শিক্ষকদের ওপর অ্যাসিড হামলা হয়। ওই হামলার ঘটনায় করা মামলার আসামি রাজিব। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ককটেল বিস্ফোরণের পর ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তা নিয়ন্ত্রণ করতেই পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। এ সময় ৬০টি রাবার বুলেট ও ৭০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। আন্দোলনকারী শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকারী চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে বরখাস্ত করার আদেশ প্রত্যাহারের দাবিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচির ডাক দেওয়া হয়। দুর্নীতিবিরোধী গণমঞ্চের পক্ষ থেকে গতকাল শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।গত বৃহস্পতিবার রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাফিজুর রহমান, হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, একই বিভাগের প্রভাষক উমর ফারুক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।গতকাল সাপ্তাহিক ছুটির দিন থাকার পরও শিক্ষক-কর্মকর্তাদের বরখাস্তের প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবিতে ক্ষুব্ধ কয়েক শ’ শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।উপাচার্যবিরোধী শিক্ষক -শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা দুর্নীতিবিরোধী গণমঞ্চের উদ্যোক্তা গণিত বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর রহমান বলেন, ‘অন্যায়ভাবে বরখাস্ত করার নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে তদন্তে উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে। তারপরও উপাচার্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই নতুন করে আন্দোলন শুরু করা হলো।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন। গত ১০ জানুয়ারি ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ আহত হন। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।