বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নিষেধাজ্ঞা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আজ সোমবার শুনানি শেষে নিম্ন আদালতের আদেশ বহাল রেখে উপাচার্যের আবেদন খারিজ করে দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। অবৈধ নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে ১০ এপ্রিল গণিত বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর রহমান জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আবেদন করেন। ওই দিনই আদালত নিয়োগ বন্ধের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেন। আদালত সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরের দিন ১১ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে একটি আবেদন করেন। আজ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সকাল নয়টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। গত বৃহস্পতিবার চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত শনিবার সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত শনিবার উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিপেটায় সৃষ্ট পরিস্থিতির কারণে ছয়জন সহকারী প্রক্টর একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত শনিবার রাতে রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের কাছে তাঁরা এই পদত্যাগপত্র জমা দিলেও এ ব্যাপারে উপাচার্য মুহম্মদ আবদুুল জলিল মিয়া কিছু জানাননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহাজাহান আলী মণ্ডল পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘এসব আবেদন উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছি।’বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, প্রশাসনিক ভবনের একটি ফটকে তালা লাগালেও পুলিশের হস্তক্ষেপে আরেকটি ফটকে তালা দিতে পারেনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন। গত ১০ জানুয়ারি ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ আহত হন। ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও এক মাস ২০ দিন পর উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আবারও বিশ্ববিদ্যালয় গত শনিবার বন্ধ ঘোষণা করা হয়।