বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নামধারী ছাত্রলীগ ও ছাত্রদল স্লোগান দিয়ে পাল্টাপাল্টি মিছিল করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বুধবার এক সভা করে এ সিদ্ধান্ত নেয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রসংগঠনের কমিটি নেই। এর পরও ছাত্রলীগ ও ছাত্রদলের স্লোগান দিয়ে কতিপয় ছাত্র ক্যাম্পাসে মিছিল করছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লালমনিরহাট আগমন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের নামে স্লোগান দিয়ে গত সোমবার ক্যাম্পাসে মিছিল বের করা হয়। এরপর ছাত্রলীগের নামে স্লোগান দিয়ে কতিপয় ছাত্র পাল্টা মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে নামধারী এ দুটি সংগঠনের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে বিশ্ববিদ্যালয়ের ফটক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন এবং ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দেন। এই ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাখ্যান করে ছাত্রদলের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর একাডেমিক ভবনে উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার সভাপতিত্বে সব শিক্ষকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (জনসংযোগ-পরিচালক) সাইদুল হক।এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারার অভিযোগে বাংলা বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের নামধারী কর্মী তামিমুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।