শ্রমিক অসন্তোষের কারণে আজ বৃহস্পতিবার রাজধানীর বেগম রোকেয়া সরণিতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সরণিটির পাশে অবস্থিত ‘এসকিউ সোয়েটার’ নামে একটি কারখানার শ্রমিকেরা আজ সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত সরণিটি অবরোধ করে রাখেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।মিরপুর থানার পুলিশ জানায়, বেতন বৃদ্ধি, সময় মতো বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। ওই কারখানার একজন শ্রমিক নাম না প্রকাশ করার শর্তে জানান, কয়েক দিন আগে শ্রমিকেরা অন্যায় আচরণের জন্য কারখানার ব্যবস্থাপক ও চারজন স্টাফের পদত্যাগের দাবি জানায়। পরে কারখানা থেকে পর্যায়ক্রমে ৬০ জন, ৭৮ জন ও আজ ১৩২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ সকালে নোটিশ পাওয়া ওই ১৩২ জনকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। সাড়ে আটটার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, খবর পেয়ে পুলিশ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিপেটা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।