বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আজ শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে মো. সুমন (৩২) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীসপুর গ্রামের খোনকার বাড়ির পাশে তিন রাস্তার মোড় নামক স্থানে তিনি নিহত হন। পুলিশের দাবি, সুমন স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। সুমনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে সুমন কয়েকজন সঙ্গীকে নিয়ে কয়েক দিন আগে সন্ত্রাসী হামলায় আহত যুবদল কর্মী সজীবকে দেখতে রামচন্দ্রপুর গ্রামে যান। তিনি ওই গ্রামে তিন রাস্তার মাথায় পৌঁছামাত্র দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার ওরফে বাশার মেম্বার ও পিচ্ছি সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে সুমন ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েকটি গুলি ছোড়ে। এতে সুমন বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সুমনের দুই সহযোগী মো. মাসুদ (২৭) ও নাছির উদ্দিন (২৬) সামান্য আহত হয়েছেন। সুমনের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর ভাইয়ের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি সুমনের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে পিচ্চি সুমন বাশার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, সুমন খুন হওয়ার জন্য যে বাশার মেম্বার জড়িত বলে বলা হচ্ছে তিনিও বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের ত্রাস এবং পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সুমন নিজেও সন্ত্রাসী বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাতটি মামলা রয়েছে। শোনা যাচ্ছে, আরেক সন্ত্রাসী বাহিনীর প্রধান বাশারের সঙ্গে বিরোধের জেরে সুমন খুন হয়েছেন। এখন পরিবারের পক্ষ থেকে কাকে আসামি করে এজাহার দেয়, তা দেখা যাক।’