বেগমগঞ্জে ১৬টি তাজা বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের হিরাপুর গ্রামের একটি খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো বেগমগঞ্জ থানায় এনে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে জানান, ওই গ্রামের বদল বাড়ির সামনের খড়ের গাদার নিচে বোমা লুকিয়ে রাখা হয়েছে—এমন খবর পায় পুলিশ। পরে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সেখানে গিয়ে খড়ের গাদার নিচ থেকে ১৬টি তাজা বোমা উদ্ধার করে।ইকবাল বাহার জানান, বোমাগুলো হাতবোমা হলেও আকারে বেশ বড়। তাই বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অথবা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনো দুষ্কৃতকারীর দল বোমাগুলো সেখানে লুকিয়ে রেখেছিল। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।