বেগুন, কাঁচা মরিচ পেঁয়াজ ও রসুন রপ্তানি নিষিদ্ধ
বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন —এই চারটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই চার পণ্য রপ্তানি করা যাবে না। মন্ত্রণালয় সূত্র জানায়, রমজানে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার রমজানে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন স্থিতিশীল থাকে, সে জন্য জরুরি ভিত্তিতে কয়েকটি পণ্যের রপ্তানি বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করতে সরকারের কাছে আহ্বান জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে চিঠিও দেয় এফবিসিসিআই। চিঠিতে বলা হয়, রোজায় নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য কয়েকটি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ কিংবা বন্ধ করলে বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ থাকবে। এটা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে।এফবিসিসিআই কাঁচা মরিচ, বেগুন, শসা, রসুন, পেঁয়াজ ও আলু—এই ছয়টি পণ্য রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের কথা বলে। এর মধ্যে চার পণ্য রপ্তানি নিষিদ্ধ করল সরকার। খোঁজ নিয়ে জানা যায়, গত মাসের শেষের দিকে হঠাৎ করেই কাঁচা মরিচ রপ্তানি শুরু করেন ব্যবসায়ীরা। এতে দাম বেড়ে যায়। গত সপ্তাহে ২৫ থেকে ৩০ টাকার প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা হয়ে যায়। এখন এর দাম প্রায় ১০০ টাকা। শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি জানতে পারেন এফবিসিসিআইয়ের নেতারা।