রমজানের প্রথম দিনে বেগুন, শসা, কাঁচা মরিচ, চিঁড়া, মুড়ি ও লেবুর দাম বেড়েছে। তবে আশঙ্কা থাকলেও চিনি, বোতলজাত সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ছোলা, মটর ও খেসারির ডালের দাম বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে বেগুন, শসা, কাঁচামরিচ ও লেবুর চাহিদা অনেক বেশি থাকে। সে তুলনায় সরবরাহ থাকে কম। এ কারণে দাম বাড়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি।দুদিন আগেও রাজধানীতে লম্বা বেগুন বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৬ টাকা কেজি দরে। রোজায় বেগুনি তৈরিতে বেগুন ব্যবহূত হয়। এ কারণে এর চাহিদাও থাকে অনেক বেশি। স্বভাবতই দাম বেড়ে হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা। নয়াবাজারের সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, দুদিন আগে থেকেই বাজারে বেগুন ও শসার দাম বেড়ে গেছে। কারওয়ান বাজারের পাইকারি শসা বিক্রেতা ইয়াসিন আলী জানান, দুদিন আগে তিনি প্রতি কেজি শসা ১২ থেকে ১৪ টাকায় বিক্রি করেছিলেন। আর গত বুধবার এর দাম ছিল কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকা। তিনি বলেন, মোকামে মালের সরবরাহ আছে, সঙ্গে চাহিদাও বেড়েছে। বাজারে বেড়েছে মুড়ির দামও। নয়াবাজারের মুড়ি ব্যবসায়ী আলী গত বুধবার প্রতি কেজি মেশিনে ভাজা মুড়ি বিক্রি করেছিলেন ৪৮ টাকায়। গতকাল বৃহস্পতিবার তা বিক্রি করেছেন ৫৫ টাকায়। তিনি বলেন, মোকামে বেশি টাকা দিয়েও মাল পাওয়া যাচ্ছে না। এ কারণে দাম বেড়েছে।সবজি বিক্রেতা সফিকুল ইসলাম জানান, গত বুধবার তিনি প্রতি কেজি শসা ৩০ টাকায় বিক্রি করেছিলেন। গতকাল তা ৪০ টাকায় বিক্রি করেছেন। আর বেসরকারি অফিসে কর্মরত সারোয়ার আলম গতকাল কারওয়ান বাজার থেকে শসা কিনেছেন ৫০ টাকা কেজি দরে। দুদিন আগেও শরবত বানানোর উপকরণ লেবুর হালি মানভেদে ১০ থেকে ১৬ টাকায় বিক্রি হয়েছে। সেই লেবুর হালি এখন ২৪ থেকে ২৬ টাকা হয়েছে। বাজারে ধনেপাতার সরবরাহ কম। এ কারণে দামও বেশি। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা জমির উদ্দিন জানান, গত বুধবার তাঁর দোকানে প্রতি কেজি টমেটো ৯০ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল বৃহস্পতিবার তা ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিনিও বললেন, চাহিদা অনুযায়ী মাল পাওয়া যাচ্ছে না। এ কারণে দাম একটু বেশি। অনেকে চিঁড়া দিয়ে ইফতার করেন। ফলে এই পণ্যের চাহিদাও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে দাম। মৌলভীবাজারের ব্যবসায়ী আলাউদ্দিন জানান, দু-তিন দিন আগেও প্রতি কেজি চিঁড়ার দাম ছিল ৩৪ টাকা, গতকাল তা তিনি ৪০ টাকায় বিক্রি করছেন।