বেগুনবাড়িতে উদ্ধারকাজ সমাপ্ত, ২৫টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে উপড়ে পড়া ভবন ও ভবনের নিচে চাপাপড়া টিনশেড বাড়ি থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৫টি লাশ উদ্ধার করা হলো। এদের মধ্যে সাতটি শিশু ও ১০ জন নারী। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনকে। আর এরই মধ্য দিয়ে আজ বেলা ১১টার দিকে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস বাহিনী।ম্যাজিস্ট্রেট মো. আলামিন জানান, গতকাল বুধবার মধ্যরাত ও আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া লাশ তিনটি হলো—শিশু আছিয়া খাতুন (৩), মাদারীপুরের আলমগীরের স্ত্রী আনোয়ারা (২৭) এবং চাঁদপুরের বাবুল মোল্লা (৩২)। এ পর্যন্ত ২২টি লাশ তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ এখনো শনাক্ত করা যায়নি।গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মধ্য বেগুনবাড়ির ১৮/বি পাঁচতলা বাড়িটি মাটির নিচের পিলারসহ উপড়ে পাশের চারটি তিনতলা টিনশেড বাড়ির ওপর পড়ে। হতাহতের সবাই ওই টিনশেডের বাসিন্দা। একেকটি টিনশেড বাড়িতে ২০ থেকে ২৫টি নিম্ন আয়ের পরিবার ভাড়া থাকত।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমাদের শতাধিক কর্মী দীর্ঘ ৩০ ঘণ্টা চেষ্টা চালিয়ে ২৫টি লাশ উদ্ধার করেছে। ডুবুরি দল ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আর কেউ নিখোঁজ নেই। এর ভিত্তিতেই উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।’মহাপরিচালক রাজউকের ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া তৈরিকৃত বাড়িতে কেউ যেন ভাড়া না থাকে এ জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।