বেগুনবাড়িতে ভবন ভাঙা শুরু করেছে রাজউক
রাজধানীর মধ্য বেগুনবাড়ি এলাকায় আজ সোমবার একটি চারতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।১ জুন ওই এলাকায় ধসে পড়া পাঁচতলা ভবনটির পশ্চিম পাশে অবস্থিত ১৬-১৭ নম্বরের এই বাড়িটিরও অনুমোদন ছিল না। রাজউকের সূত্রমতে, এই বাড়িও যেকোনো সময় ধসে পড়তে পারে।আজ অভিযানকালে তিনটি তিনতলা টিনের বাড়িও ভেঙে দেওয়া হয়। সেখানে আরও ১২টির মতো টিনের উঁচু ভবন রয়েছে।ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা ও রাজউকের অথারাইজড কর্মকর্তা শফিকুর রহমানের উপস্থিতিতে দুই প্লাটুন পুলিশ ও সেনাসদস্যদের সহায়তায় আজ সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করে রাজউক। চলে বিকেল চারটা পর্যন্ত। রাজউকের বুলডোজারের সাহায্যে অর্ধশত শ্রমিক পাকা ও টিনের ভবনগুলো ভাঙার কাজ চালান।শফিকুর রহমান জানান, চারতলার অংশ ভাঙার পর দুই দিন সময় দেওয়া হবে। মালিক নিজ উদ্যোগে না ভাঙলে বাকি তলাগুলো ভাঙতে আবারও অভিযান চালানো হবে। এলাকায় আরও কয়েকটি পাকা অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো ভাঙা হবে বলে তিনি জানান।চারতলা ভবন ভাঙার ক্ষেত্রে বাধা কাটিয়ে ওঠা সম্ভব হলেও সমস্যা দেখা দেয় টিনের বাড়িরগুলো উচ্ছেদ করতে গিয়ে। অভিযানের সময় মালিকদের খুঁজে পাওয়া যায়নি। তবে রাজউকের পক্ষ থেকে মালামাল সরানোর জন্য কিছু সময় দেওয়া হয়।