বেগুনবাড়িতে হেলে পড়া সাততলা ভবন ভেঙে ফেলবে রাজউক
রাজধানীর বেগুনবাড়িতে হেলেপড়া সাততলা ভবনটি কয়েক দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভেঙে ফেলবে। ওই ভবনের ৪৮ জন বাসিন্দার সবাইকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার ভবনটি হেলে পড়ে।জানা যায়, রাজউকের একটি দল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার একদল পুলিশ গতকাল শনিবার বেগুনবাড়িতে যায়। দুপুর ১২টার দিকে রাজউকের দলটি সেখানে গিয়ে ৪০/এ/৭ নম্বর প্লটের হেলেপড়া ভবনটি দেখে। সেখানে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ পরিচালক শেখ আবদুল মান্নান উপস্থিত সাংবাদিকদের জানান, ভবনটি ভেঙে ফেলা হবে। ভাঙার আগ পর্যন্ত ভবনের সামনে পুলিশ মোতায়েন থাকবে।ভবনটি পাহারার দায়িত্বে থাকা শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, রাজউকের পক্ষ থেকে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এটি ভাঙার আগ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি তত্ত্বাবধানের জন্য পুলিশের এই দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউকের পক্ষ থেকে অনুমোদনহীন এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভাঙার কাজ শিগগির শুরু করা হবে।ওই ভবনের মালিক সিরাজ মিয়াকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।গতকাল বেগুনবাড়ির ওই ভবনের সামনে গিয়ে দেখা যায়, তেজগাঁও থানার পুলিশ ভবনটি পাহারা দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে ওই ভবনের পাশের ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ ভবনের বাসিন্দা সন্ধ্যা পর্যন্ত এই নির্দেশে সাড়া দেননি।ওই ভবনের লাগোয়া রানা ড্রাগ হাউস ছিল খোলা। ওই দোকানের মালিক জাহিদুল হক জানান, আপাতত দোকান বন্ধ রাখার ইচ্ছা তাঁর নেই। ভবনটি এখনো তেমন ঝুঁকিপূর্ণ নয়। বড় ধরনের ঝুঁকি দেখলে তিনি দোকান সরিয়ে ফেলবেন। তবে স্থানীয় লোকজন জানান, এ ঘটনার পর বেগুনবাড়ির ওই গলির বেশির ভাগ ভবনের বাসিন্দা আতঙ্কে রয়েছেন। আশপাশের এলাকার উৎসুক লোকজন ভবনটি দেখতে গতকাল সেখানে গেলেও পুলিশ তাদের জড়ো হতে দেয়নি।হেলেপড়া ওই ভবনের ১২টি ফ্ল্যাটের দুটিতে দুই পরিবার ও ১০টিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ভাড়া থাকতেন। হঠাৎ করে বাসা ছেড়ে দিতে হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বলে তাঁরা জানান। ভবনটির চতুর্থ তলার ভাড়াটে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদাফ ইবনে মাহমুদ জানান, আগামী সপ্তাহ থেকে তাঁদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এই সময়ে হঠাৎ বাসা ছাড়তে বলায় তাঁরা আসবাবপত্র নিয়ে বেকায়দায় পড়েছেন।