বেগুনবাড়িতে ১৮টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে উপড়ে পড়া বাড়ির নিচ আজ এ পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের উদ্ধারে গতকাল রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। উদ্ধার তত্পরতা এখনো চলছে। আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাড়িটি উপড়ে পড়ার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করেছে।ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন জানান, এ পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭টি লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মোফাজ্জল হোসেনের স্ত্রী শারমিন (২৮), তাঁর মেয়ে সান্ত্বনা (১৭), ছোট মেয়ে মেঘনা (৫), ভোট ভাই এজেন (২৩) ও বড় ভাই আজিজুল ইসলাম ওরফে বাবু (৩২), ওসমান (৪৫), তাঁর স্ত্রী লিপি বেগম (৩০) ও শ্যালিকা হাওয়া (১৬), ইমাম হাসান ওরফে ইমন (২৫) ও তাঁর স্ত্রী কল্পনা (১৮), নজরুলের স্ত্রী জাহানারা (২৫) ও ছেলে জিহাদ (৮), মমতাজ বেগম (৩৫), মোর্শেদা বেগম (২৬), মনিজা বেগম, রবিউল আওয়াল (৩০), সাহেরা খাতুন (২৫) ও একজন অজ্ঞাত যুবক (৩০)।লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।রাজউক আজ ভবনটি উপড়ে পড়ার ঘটনা তদন্তে তাদের পরিচালক (উন্নয়ন) শেখ আবদুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যর কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন রাজউকের দুই কর্মকর্তা মো. খালেকুজ্জামান ও অমিনুর রহমান। কমিটিকে কাল বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, তদন্তের মাধ্যমে ঢাকা শহরে আরও এ ধরনের যেসব ভবন আছে, সেগুলো চিহ্নিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভবন উপড়ে পড়ার ঘটনায় বাড়ির মালিক জাফর ইকবাল ডালিমকে আসামি করে তেঁজগাও থানায় মামলা করেছে রাজউক।এলাকাবাসীর মতে, বাড়ির মালিকের নাম আব্বাসউদ্দিন। কিন্তু সরকারকে কর দেওয়ার ভিত্তিতে বাড়ির মালিক জাফর ইকবাল ডালিমকে আসামি করেছে রাজউক।তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ১৮/বি, মধ্য বেগুনবাড়ি পোস্ট অফিসের ঢালে ঝিলের ওপর শুধু পিলার দিয়ে জনৈক আব্বাসউদ্দিন বাড়িটি নির্মাণ করেন। কিছুদিন আগে বাড়ির পঞ্চম তলার কাজ শুরু হয়। ওই বাড়ির চারপাশে গড়ে উঠেছে বেশ কিছু দুই ও তিনতলা টিনশেড বাড়ি। প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে বাড়িটি উপড়ে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে।