স্থানীয় সাংসদ, সরকারদলীয় নেতা-কর্মীদের কাছে ধরনা দিয়ে উচ্ছেদ ও ভাঙা ঠেকাতে পারেননি ঝুঁকিপূর্ণ বাড়ির মালিকেরা। গতকাল সোমবার রাজধানীর বেগুনবাড়ির টিনের তিনতলা বাড়িগুলো ভাঙা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে বেলা একটায় হেলে পড়া চারতলা ভবনটি ভাঙার মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের দুটি দল রাজউককে সহায়তা করে। বিকেল পর্যন্ত চারতলা ভবনটির ছাদ ও দুই পাশের দেয়াল ভাঙা হয়। তিনতলা চারটি টিনের বাড়ি ভেঙে ফেলা হয়। এই বাড়িগুলোতে শতাধিক পরিবার বাস করত। গত সপ্তাহে ভাঙতে শুরু করা মাদ্রাসা ভবনের পার্শ্ববর্তী একটি তিনতলা বাড়ির দোতলা পর্যন্ত টিনের ঘরের চারপাশের টিন খুলে নেওয়া শুরু হয় বেলা দেড়টার দিকে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এই ভবনগুলো ভাঙার সময় স্থানীয় লোকজন বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাহিনীর সদস্যরা তার্যাক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।বেলা একটার দিকে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে রাজউকের উচ্ছেদকারী দল বেগুনবাড়িতে পৌঁছালে কয়েকজন বাড়ির মালিক এসে ম্যাজিস্ট্রেটের কাছে একটি মোবাইল ফোন এগিয়ে দিয়ে বলেন, ‘স্যার, ধরেন, লিডার কথা কইব।’ রোকন-উদ-দৌলা তাঁদের বলেন, ‘আমি উচ্ছেদের সময় কারও ফোন ধরি না।’অভিযান শুরুর আগে চারতলা বাড়ির মালিক মো. রহমতউল্লাহ একটি নকশা নিয়ে হাজির হন। ম্যাজিস্ট্রেট নকশা পরীক্ষা করেই বুঝতে পারেন, এটি রাজউকের বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটির অনুমোদিত নয়। কোনো জালিয়াত চক্রের মাধ্যমে তৈরি করা। পরে মালিক সরে পড়েন।এদিকে কোনো চেষ্টাতেই কাজ না হওয়ায় টিনের বাড়ির মালিকেরা হাল ছেড়ে দিয়ে রাজউকের কাছে মালামাল সরিয়ে নেওয়ার সময় চেয়ে অনুরোধ করেন। তাঁদের আধা ঘণ্টা সময় দেওয়া হয়। অন্য ভাড়াটেরা তাঁদের জিনিসপত্র সরিয়ে নেন। ভেঙে ফেলা একটি তিনতলা টিনের বাড়ির মালিক মাহবুবুর রহমান বলেন, তিনি এই বাড়িতে থাকেন না। প্রতিটি ঘর দেড় হাজার টাকা করে ২৫ পরিবারের কাছে ভাড়া দিয়েছেন। এক বছর আগে বাড়িটি নির্মাণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজউকের কাছে বহুতল ভবন নির্মাণের অনুমতি চেয়ে না পাওয়ায় টিনের তিনতলা বাড়ি নির্মাণ করেছি।’আরেকটি টিনের দোতলা টিনের বাড়ির মালিক বাবর মিঞা জানান, পার্শ্ববর্তী রাস্তা দিয়ে ট্রাক গেলে বাড়িগুলো কেঁপে ওঠে। গত মাসে হওয়া ভূমিকম্পে বাড়িগুলো হেলে গেছে দাবি করে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমরা শুনছিলাম বাড়িগুলো ভেঙে ফেলা হবে। সত্যি সত্যি ভেঙে ফেলা হবে এমন কোনো নোটিশ আমরা পাইনি।’ গতকাল সকাল ১০টায় গুলশান ১ ও ২ নম্বরের সংযোগ সড়কসংলগ্ন রাজউকের প্লটে অবৈধভাবে নির্মাণ করা ২৫টি ঘর ভেঙে দেয় রাজউক। ১১টার দিকে বনানী মাঠের ওপর স্থাপন করা ১৫টি ফলের দোকানও উচ্ছেদ করা হয়।বেগুনবাড়ি, গুলশান ও বনানীর উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।