বেগুনবাড়ির ভবন মালিককে দুবার নোটিশ দেয় রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপড়ে পড়ার আগে রাজধানীর বেগুনবাড়ি এলাকার পাঁচতলা ভবনটির মালিককে পর পর দুবার নোটিশ দিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি নিজ উদ্যোগে ভেঙে ফেলার তাগিদ দেয় রাজউক। ভবনটি উপড়ে পাশের টিনের ‘বহুতল’ কয়েকটি বাড়ির ওপর পড়লে ২৫ জন নিহত হয়।তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকার এই পাঁচতলা ভবন উপড়ে পড়ার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।তদন্ত কমিটির প্রধান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মনিটরিং) জিল্লার রহমান গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেনের কাছে এই প্রতিবেদন জমা দেন। আগামী সপ্তাহে সচিব আনুষ্ঠানিকভাবে গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী মান্নান খানের কাছে এই প্রতিবেদন দাখিল করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।প্রতিবেদনে বল হয়, ভবনটি উপড়ে পড়ার ২১ দিন আগে গত ৯ মে এটি ভাঙার প্রথম নোটিশ দেওয়া হয় বাড়ির মালিককে। ব্যবস্থা না নেওয়ায় ১৭ মে রাজউক চূড়ান্ত নোটিশ পাঠায়। রাজউক ওই ভবন ভেঙে ফেলার প্রস্তুতি নেওয়ার সময়ই এটি পড়ে যায়।ভবন উপড়ে পড়ার কারণ: তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাড়ির মালিক আব্বাস আলী ও তাঁর ছেলে ডালিম মিয়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ১৮/বি, দক্ষিণ বেগুনবাড়ি পোস্ট অফিসের ঢালে ঝিলের ওপর শুধু পিলার দিয়ে ৪০০ বর্গফুটের আয়তনের বাড়ি নির্মাণ করেন। মাটিতে তিন ফুট গর্ত করে আরসিসি কাঠামোতে পর্যাপ্ত রড ব্যবহার না করে শুধু ফাউন্ডেশন ঢালাই দিয়ে ভবনটি করা হয়। ভবনে পিলার (কলাম) ছিল মাত্র সাতটি—এর দুটি শুকনো জায়গায়, পাঁচটি জলাভূমিতে। জলাভূমির পাঁচটি পিলার দেবে গেলে ভবনটি হেলে পড়ে যায়। ভবনটির পাশে একটি তিনতলা টিনশেড বাড়ি ছিল। সেটিরও কোনো অনুমোদন ছিল না।ভবন দুর্বল হওয়ার কারণ: সাত বছর আগে বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু হয়। পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ তলা গড়ে ওঠে। দুর্ঘটনার কিছুদিন আগে পঞ্চম তলার কাজ শুরু হয়। এর জন্য ২০ বস্তা সিমেন্ট, দুই ট্রাক ইট, বালু ও পানি সরবরাহের জন্য একটি ট্যাংক স্থাপন করা হয়। এই অতিরিক্ত ওজন ভবনটি বহন করতে পারেনি। ঘটনার জন্য দায়ী: বাড়ির মালিক আব্বাস আলী ও বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত তাঁর ছেলে ডালিম মিয়াকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অনুযায়ী দণ্ডবিধিতে ফৌজদারি মামলা রুজু করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।কমিটির সুপারিশ: কমিটি এ ধরনের ঘটনা ও পরিস্থিতি মোকাবিলায় ছয় দফা সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, বেগুনবাড়ি এলাকায় অনুমোদনহীন যেসব বাড়ি ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, তা দ্রুত অপসারণ করতে হবে; না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বেগুনবাড়িতে যেসব স্থাপনা অবৈধ, সেখানে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ থাকার কথা নয়। যাঁরা এসব সংযোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দুর্ঘটনার দায়-দায়িত্ব তাঁদেরও নিতে হবে। অবিলম্বে অবৈধ সব বাড়িঘর ও ভবনের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। যাঁরা এসব বাড়িঘড় নির্মাণের সঙ্গে জড়িত, তাঁদের ইমারত নির্মাণ আইনে সাজা দিতে হবে। একইভাবে ঢাকা শহর ও অন্যান্য এলাকায় অপরিকল্পিত, অননুমোদিত যেসব ভবন রয়েছে, তা অপসারণের জন্য ব্যবস্থা নিতে হবে।পূর্তসচিবের বক্তব্য: তদন্ত প্রতিবেদনের সুপারিশ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে আমরা বেগুনবাড়িসহ ঢাকা শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত বাড়িঘর সম্পর্কে জানতে পেরেছি। আমরা রাজউককে সে অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রসঙ্গত, ১ জুন বেগুনবাড়িতে ভবন পড়ে যাওয়ার ঘটনার পর ৩ জুন জিল্লার রহমানকে প্রধান করে গঠিত তদন্তদলের অন্যরা হলেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান, গণপূর্ত অধিদপ্তরের ডিজাইন সার্কেল-১-এর আবদুল মালেক সিকদার, স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি কাজী গোলাম নাসির, এইচবিআরআই প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার সৈয়দ ইসার হোসেন ও উপসচিব শেখ মিজানুর রহমান।