বেগুনবাড়ীতে আধা কিলোমিটার জুড়ে আগুন
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ীতে গতকাল শুক্রবার বিকেলে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন শতাধিক টিনের ঘর ও আধা পাকা ঘর পুড়ে গেছে। পাশে থাকা চারটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ অর্ধশত লোক আহত হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকটি শিশু। দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্র জানায়, হাতিরঝিল প্রকল্পে নির্মাণাধীন সড়ক ঘেঁষে গড়ে ওঠা বেগুনবাড়ী দীপিকা গলির সালাউদ্দিনের বাড়ির গ্যাস পাইপের ফাটল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সালাউদ্দিনের পাঁচতলা বাড়ির নিচতলায় ছড়িয়ে পড়ে। পরে আগুন পাঁচতলা পর্যন্ত ওঠে। একই সময় পাশের ঝিলের ওপর গড়ে ওঠা দ্বিতীয় ও তৃতীয় তলার টিনের ঘরে আগুন ধরে। সেখান থেকে আশপাশের বাড়ি ও ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকার প্রায় সব ইউনিট একে একে ঘটনাস্থলে আসে। এ সময় বহুসংখ্যক র্যাব ও পুলিশের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে সতর্ক অবস্থান নেন। রেড ক্রিসেন্টের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নেন।রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলের কাছে যেতে পারেনি। পরে দমকলকর্মীরা প্রায় ৫০০ গজ দূর থেকে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন ছড়িয়ে পড়তে দেখে বস্তি ও আশপাশের বাড়ির লোকজন মালামাল রেখে ছোটাছুটি করে বেরিয়ে আসে। এ সময় অনেকে আহত হয়। আগুনের কবল থেকে বেঁচে আসা নারী-শিশুদের আহাজারি করতে দেখা যায়। আগুন নেভানোর কাজ তদারক করতে সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামালও ঘটনাস্থল পরিদর্শনে যান। রাত সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখার সময় আগুন নেভানোর কাজ চলছিল।দমকলের কর্মকর্তারা জানান, আগুনে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১২০টি ঘর পুড়ে গেছে। হতাহতের সঠিক খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় লোকজনের দাবি, আগুনে পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন শতাধিক ঘর পুড়ে গেছে।এলাকাবাসী জানায়, সালাউদ্দিনের বাড়ির আগুন একে একে জালাল ও কালু সরদারের আধা পাকা দোতলা বাড়ি, নোমানের দোতলা বাড়িসহ আশপাশের বস্তি ও আধা পাকা ঘরে ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ওষুধ কোম্পানির কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বেগুনবাড়ী দীপিকার গলি থেকে দক্ষিণ বেগুনবাড়ী মাতৃছায়া ১০ তলা ভবনের আগ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকার বাড়িঘর পুড়ে যায়। লোকজন বালু, কলসি ও বালতিতে করে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে।রাত পৌনে আটটায় ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অপরিকল্পিত স্থাপনা গড়ে ওঠায় রাস্তা সংকুচিত হয়েছে। ফলে পানিবাহী গাড়িগুলো ঘটনাস্থলের কাছাকাছি যেতে অনেক সময় লেগেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন পুরোপুরি নেভাতে হলে গ্যাসের সরবরাহ বন্ধ করতে হবে। তিতাস গ্যাসের কর্মীরা চেষ্টা করেও স্থানীয় গ্যাস লাইন বন্ধ করার চাবি খুঁজে পাচ্ছেন না।আগুনের কবল থেকে বেঁচে আসা গৃহবধূ রওশন আক্তার তাঁর চার বছরের শিশুর জন্য কাঁদছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর তিনি জীবন নিয়ে কোনোমতে বেরিয়ে এসেছেন। বাসার মালপত্র কিছু বের করতে পারেননি। সব পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর শিশুছেলেটি নিচে খেলা করছিল; কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রাকচালক আবুল কালাম বলেন, তাঁর স্ত্রী-সন্তান নিয়ে প্রাণে বেঁচে গেলেও কোনো মালপত্র বের করতে পারেননি। তিনি দাবি করেন, তাঁর বাসার টিভিসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গৃহবধূ রেহানা বলেন, বাসা থেকে সন্তানদের নিয়ে বেরিয়ে এলেও অনেক মালপত্র পুড়ে গেছে।মিরপুরে আগুন: বেলা সোয়া দুইটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের এইচ ব্লকের ২ নম্বর সড়কের গার্মেন্টসের ঝুটের গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। দোকানপাট ঘেঁষে গড়ে ওঠা একটি চারতলা বাড়িতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। গার্মেন্টসের ঝুটের গুদামের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।দমকলের কর্মকর্তারা জানান, আগুনে একটি চারতলা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ১৭টি দোকান পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।