‘ঢেপা বাইগোনের গড়াগড়ি বয়, সরু বাইগোনের ভাজা খাওয়া যায়, মুই কি জানো ওটা কইনার বাবা হয়, ভাঙ্গা কোদালকান হাতে দিনু হয়।’গ্রামবাংলার বিয়েবাড়িতে গীতের আসরে কনের বাবাকে ‘ঢেপা বেগুন’ আর কনেকে ‘সরু বেগুন’ হিসেবে তুলনা করে কত না রসিকতা চলে! বেগুন নিয়ে রয়েছে লোকগান, ‘কালা রে গাছোত ধলারে বাইগোন, বাইগোন হলফল করে, চেংড়া বন্ধু ডাকাইল কাছোত, বাইগোন কামেলা রে।’লোকগানে যতই বেগুনের মাহাত্ম্য বর্ণনা করা হোক না কেন, অনেকের কাছেই কিন্তু বেগুন হলো সেই জিনিস, ‘যার কোনো গুণ নেই।’ যদিও বাস্তবে বেগুনের গুণের শেষ নেই।আজ আমরা এক গল্প শোনাব। যে গল্পের পরতে পরতে রয়েছে বেগুন চাষে একটি জনপদের অভাব জয়ের কথা। অথচ একটা সময় ওই জনপদের মানুষগুলো ছিল খুবই দরিদ্র। দিনমজুরি, মুটের কাজসহ নানা রকম উঞ্ছবৃত্তি করে দিন কাটত তাদের। আজ মুচমুচে সুখে দিন কাটছে ওদের।এই জনপদটি উত্তরের জেলা রংপুরে। সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের খটখটিয়া গ্রাম। এই গ্রামেই শত বছর ধরে একটি বেগুনের চাষ হচ্ছে, যেটি পরিচিতি পেয়েছে ‘খটখটিয়ার বেগুন’ নামে। এই বেগুনের এমনই নাম, রংপুর অঞ্চলে ক্রেতাদের অনেকেই বাজারে গিয়ে বিক্রেতার কাছে জানতে চান বেগুনটি খটখাটিয়ার কি না।বাংলাপিডিয়ায় স্থানীয় পাঁচ জাতের বেগুনের মধ্যে খটখটিয়ার বেগুনের নাম উল্লেখ করা হয়েছে।গোড়ার কথা: সময়টা ১৯০৫ সাল। উপমহাদেশজুড়ে চলছিল বঙ্গভঙ্গ আন্দোলন। খটখটিয়া গ্রামের পরানচন্দ্র বর্মণের আত্মীয়দের অনেকেই নিজ ভিটেমাটি ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমিয়েছেন। পরানচন্দ্র যেতে চাইলেন না।এর কয়েক মাস পরের ঘটনা। এক আত্মীয় কলকাতা থেকে লাউ, বেগুন, কুমড়ার বীজ এনে দিলেন তাঁকে। পরান বীজ পুঁতলেন নরম মাটিতে। লকলকিয়ে, পত্রপল্লবে বেড়ে উঠল চারাগাছগুলো। এসবের মধ্যে বেগুনগুলো হলো নজরকাড়া। আকারে, স্বাদে দারুণ! সেই শুরু।সেবার পরানচন্দ্র খটখটিয়ার নিজ বাড়ির উঠোনে মাত্র পাঁচ শতাংশ জমিতে বেগুন চাষ করেন। পরান মারা যান ১৯৫১ সালে। সেই বেগুনের চাষ ধরে রাখেন তাঁর ছেলে বিপিনচন্দ্র রায়।অষ্টম শ্রেণী পাসের পর বিপিন বাবার কাছে জমি চাইলেন, বেগুন ফলাবেন। লেখাপড়ায় বিঘ্ন হবে ভেবে বাবা দিলেন না। সেটা ১৯৪৯ সাল। গ্রামের একজনের কাছ থেকে ২০ শতাংশ জমি নিয়ে বেগুন চাষে ঝুঁকে পড়েন তিনি।বিপিনের এখন বয়স হয়েছে। তবে বার্ধক্য তাঁকে দমাতে পারেনি। এখনো ছুটে যান জমিতে। এবার তিনি প্রায় পাঁচ একর জমিতে বেগুন চাষ করেন। বিপিনের হাত ধরেই বেগুনের চাষাবাদ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দিনে দিনে বেগুনের কারণে বিশেষ পরিচিতি পায় খটখটিয়া গ্রামটি। গ্রামে ৪০০ পরিবারের বাস। এর মধ্যে প্রায় ৩০০ পরিবার বেগুন চাষের সঙ্গে যুক্ত।জাতের ধরন: কলকাতা থেকে আনা পরানচন্দ্র বর্মণের সেই বেগুনের জাতটি এখন ছড়িয়ে পড়েছে খটখটিয়া ও আশপাশের এলাকায়। স্থানীয় লোকজন এখানকার মাটিকে ‘মিষ্টি মাটি’ হিসেবে আখ্যায়িত করেছে, যা আসলে দোঁআশ মাটি। এ মাটিতে এই বেগুনের ফলন বেশ ভালো হয়। এ বেগুনের উপরিভাগের আবরণ খুব পাতলা ও মসৃণ। রান্নায় সহজে গলে যায়। আর আকৃতিতে কিছুটা মোটা ও লম্বা।কৃষিবিদ ও গবেষক হামিদুর রহমান বললেন, এই জাতটি অন্য এলাকায় আবাদ করলেও ফলন হয়তো ভালো হবে। কিন্তু স্বাদ হবে ভিন্ন।একদিন সেই গ্রামে: হেমন্তের এক সকালে খটখটিয়া গ্রামে প্রবেশ করে দিগন্তজোড়া বেগুনের খেত দেখে প্রাণ জুড়িয়ে যায়। কেউ পরিচর্যায় ব্যস্ত, কেউবা বেগুন তুলতে ব্যস্ত। একাধিক খেতে নারী-পুরুষ মিলেমিশে কাজ করতে দেখা গেল।বিপিনের চৌচালা টিনের বাড়ি। বেশ বড়সড়, আলো-বাতাসে ভরা পাঁচটি কক্ষ। বিপিনের খোঁজ করতেই বাড়ি থেকে বেরিয়ে এলেন তাঁর বড় ছেলে কমল। কমল বললেন, ‘দাদা করেছেন। বাবা এখনো করছেন। ঐতিহ্য ধরে রাখতে আমিও করছি।’বিপিনকে পাওয়া গেল খেতে। কথায় কথায় বললেন অনেক কথা। ৬০ বছরের বেশি সময় তিনি বেগুন চাষে জড়িত। বেগুন বিক্রির টাকা দিয়েই পড়াশোনা করিয়েছেন পাঁচ ছেলেকে। জমি কিনেছেন, বাড়ি করেছেন।বিপিন বললেন, বেগুন চাষে তাঁরা রাসায়নিক সার তেমন দেন না। জৈব সার দেন। জৈব সার হিসেবে গোবর সারের সংকট হওয়ায় অনেকে বাড়ির আবর্জনা-খড়কুটো পচিয়ে জমিতে দেন।বিপিনের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই একটি আধাপাকা বাড়ি। চারপাশে বেগুনের খেত। খেতে কাজ করছিলেন গণেশচন্দ্র রায়। এক যুগের বেশি সময় তিনি বেগুনের চাষ করছেন। বিপিনের সাফল্য দেখে তিনিও নেমে পড়েন। আমন ধান ছেড়ে তিনি বেগুন চাষে নামেন। তাঁর কথা, বেগুনে লাভ বেশি।শূন্য থেকে শুরু করেন আবদের আলী (৫৫)। পরিবারে ছিল অভাব। দুটো টাকার জন্য মনটা ছোঁক ছোঁক করত। বিপিনের পরামর্শে ১৮ বছর আগে জমি বর্গা নিয়ে বেগুনের চাষ শুরু করেন। পরিবারে আসে সচ্ছলতা। বর্তমানে তিনি আড়াই একর জমির মালিক। গ্রামের এক গৃহিণী সুনীতি রায় বললেন, ‘বেগুন আমাদের মান করেছে বলে তাই বেগুনের আবাদ ছাড়তে পারিনি।’ তাঁর কথা, বেগুন চাষের প্রতি তাঁদের একটা ‘মায়ার টান’ রয়েছে। আবদুল্লাহ মিয়া (৫৫) এ বছর তিন একর জমিতে বেগুন চাষ করেছেন। ‘শুরুতে মাত্র ১০ শতাংশে আবাদ করি। একরপ্রতি প্রায় ২০০ থেকে ২২০ মণ বেগুন ফলে। আর খরচ হয় ৫০ থেকে ৫৫ হাজার টাকা।’ আবদুল্লাহ বলছিলেন, আশ্বিনের শুরুতে আগাম বেগুন ফলাতে পারলে লাভ বেশি হয়। শুরুতে মণপ্রতি এক হাজার টাকা বিক্রি করা গেলেও পরে তা ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেচা যায়। ফলন ও দাম স্বাভাবিক থাকলে একরপ্রতি লাভ ৫০ হাজার টাকার মতো।আছে সমস্যা: ঠনঠনিয়ার বেগুনচাষিরা বাজারজাতকরণ নিয়ে কিছু সমস্যায় রয়েছেন। কারণ, সেখানে কোনো পাইকারি বাজার গড়ে ওঠেনি। পাইকাররা সরাসরি খেত থেকে বেগুন কিনে নিয়ে যান। এতে লাভ কিছুটা কম হয়। কৃষি কর্মকর্তা বললেন: আলাপকালে রংপুর কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কৃষি কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে জানান, তিনি শুনেছেন বিপিনের হাত ধরেই খটখটিয়ায় বেগুন চাষ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, পুরো রংপরজুড়ে খটখটিয়ার বেগুনের বেশ কদর রয়েছে, কারণ গুণ-স্বাদে এটি স্বতন্ত্র। সেখানকার চাষিরা যেকোনো সমস্যায় কৃষি বিভাগকে পাশে পাবেন।