বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন শীত সবে শুরু হয়েছে। তবে ২০১২ সালের শীতকাল যেন এসেছে উচ্চাঙ্গসংগীতের রাগ-রাগিণীকে সঙ্গে নিয়ে। আর সেই রাগ-রাগিণীর সুরের খেয়ায় আবালবৃদ্ধবনিতা সবাই ভেসে গেছে শাস্ত্রীয় সংগীতের ঐন্দ্রজালিক আনন্দে। এ বছর এই ঘটনা ঘটেছিল ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’-এ। সংস্কৃতির ক্ষেত্রে ২০১২ সালের উল্লেখযোগ্য ঘটনা এটি।ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসবের শুরু ২৯ নভেম্বর। শেষ হয়েছে ২ ডিসেম্বর। চার দিনব্যাপী এই উৎসবে সার্বিক সহযোগিতা দিয়েছে প্রথম আলো। উৎসবের আগ মুহূর্তে ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত’ শিরোনামে একটি গোলটেবিল বৈঠকেরও আয়োজন করেছিল বেঙ্গল ফাউন্ডেশন ও প্রথম আলো।দেশ-বিদেশের শতাধিক বরেণ্য শাস্ত্রীয় সংগীতশিল্পীর মিলনমেলায় বর্ণিল হয়ে উঠেছিল এই উৎসব। কে আসেননি ওই আসরে—পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত বিরজু মহারাজ, বিদুষী গিরিজা দেবী, বিদুষী আলারমেল ভালি, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত শিবকুমার শর্মা...এ রকম আরও অনেক ‘পণ্ডিত’ ও ‘বিদুষী’-এর সুরের ঝলকানিতে উৎসবে তাই ঠাওর করা কঠিন হয়ে পড়েছিল কে কার অলংকার! এই বিদুষী সুজাতা মহাপাত্র ওডিশি নৃত্যছন্দে যখন চোখ জুড়ালেন, তার একটু পরে ওস্তাদ শহীদ পারভেজের সেতার ঝংকারে মুগ্ধ হলো মন। উৎসবের প্রতিটি রাতে বারবারই ঘটেছে এমন ঘটনা। বাংলাদেশের উচ্চাঙ্গসংগীতশিল্পীরাও আসর মাত করেছেন এই উৎসবে।আর শ্রোতা? তাঁরাই ছিলেন উৎসবের প্রাণ। ‘উচ্চাঙ্গসংগীত আসরের সামগ্রী, গুটিকয় সমঝদার এর শ্রোতা’—এই ধারণাকে মিথ্যে প্রমাণ করে এবারের চার দিনের সংগীত আয়োজনে শ্রোতা মাত্র গুটিকয় নয়, তাঁদের সংখ্যা হাজার হাজার। এঁদের মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন তরুণ। সারা রাত উচ্চাঙ্গসংগীতের সুরমাধুর্যে মন ভিজিয়েছেন তাঁরা। আশা পূর্ণ না হওয়ায় কখনো বা বলেছেন, ‘ওটা গান, আরেকটা... আরেকটা...।’২০১২ সালের ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব’ এক দিকে যেমন আমাদের জন্য অভূতপূর্ব অভিজ্ঞতা, তেমনি বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের এক অনন্য অর্জনও বটে।  আলতাফ শাহনেওয়াজ