বেঙ্গল ক্যাফের আড্ডা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সব জায়গা থেকে বেঙ্গল গ্যালারি যে একটু আলাদা, সেটা টের পাওয়া যায় তাদের ফটক পেরিয়ে একটা পা ভেতরে ফেলতেই। ঢাকা শহরে যখন জায়গার জন্য কাড়াকাড়ি, এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ সবাই, তখন বেঙ্গল গ্যালারির সামনে দাঁড়িয়ে আছে একটা জলজ্যান্ত বাঁশঝাড়! রয়েছে বেশ বড়সড় পরিসরের উঠোন। বেঙ্গল গ্যালারিকে কী করে আরেকটু নিরিবিলি, আরেকটু নিভৃত করে রাখা যায়, সে দিকেই যেন তাদের পুরো নজর। অবশ্য শিল্পী আর শিল্পবোদ্ধাদের পদচারণে বেঙ্গল গ্যালারি সব সময় গমগম করে। দেশীয় শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকতায় উল্লেখযোগ্য উদ্যোগ আর গ্যালারি তো আছেই। এসবের বাইরেও আরেকটা জিনিস আছে বেঙ্গলের। বেঙ্গল ক্যাফে। গ্যালারির পাশেই এর অবস্থান। সুন্দর পরিপাটি আর ভীষণ খোলামেলা একটা জায়গা। এক কোনায় একটা টেবিলে চেয়ার টেনে বসে পড়লেই হলো, দুনিয়ার ঝুট-ঝামেলা থেকে নিমিষেই আলাদা হওয়া গেল। আর ক্যাফের পরিবেশটা ঠিক ক্যাফের মতো নয়। বরং এত বেশি ঘরোয়া যে নিজের ঘরের ড্রইং রুমের মতো মনে হয়। তা ছাড়া হাতের কাছেই গ্যালারি। চাইলেই যখন-তখন দেখে আসা যায় কখন, কোন শিল্পীর কী প্রদর্শনী চলছে। সে জন্যই এ দেশের শিল্পী-সাহিত্যিকদের দারুণ এক আড্ডা গড়ে উঠেছে বেঙ্গল ক্যাফেতে।সকাল ১০টা থেকে শুরু করে বেলা তিনটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে ক্যাফে। এখানকার খাবারদাবার খুবই উন্নতমানের। বিশেষ করে, নাশতার পদগুলো সবাই খুব পছন্দ করে খায়। স্প্রিং রোল, অনথন, চিকেন টোস্ট, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল পাকোড়া, মাটন রোল অনেকেই বেশ পছন্দ করেন। কেউ কেউ আবার রাইতা সালাদটা খেতে খুব পছন্দ করেন। পোলাও, বিরিয়ানিও পাওয়া যায়। এর সঙ্গে পাওয়া যায় রুই ভুনা, চিকেন রোস্ট কিংবা মাটন রেজালা। নান, পরোটা, রেশমি কাবাব, গুর্দা কাবাব, ক্ষিরি কাবাবও তৈরি হয় এখানে। খাওয়ার শেষে পুডিং, আইসক্রিম চাই? তাও পাবেন। আর এখানকার এসপ্রেসো কফিটা তো বেশ জনপ্রিয়। অনেকেই এই এসপ্রেসো কফির টানে ফাঁক পেলেই ঢুঁ মেরে যান বেঙ্গল ক্যাফেতে।তবে খাওয়াদাওয়াটা এখানে মুখ্য নয়। আড্ডাটাই হলো আসল। আর এই আড্ডার লোভে আমাদের দেশের শিল্প-সাহিত্যের মানুষগুলো ঘুরেফিরে আসেন এখানে।শোনা গেল, বেঙ্গলের ক্যাফেতে এসে প্রায়ই নাকি লেখালেখি করেন সাহিত্যিক হাসনাত আবদুল হাই। অধ্যাপক আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ মঞ্জুরুল ইসলামও মাঝেমধ্যে আসেন কফি খেতে। শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, মুকতাদির আহমেদ আসেন। অভিনেতা রামেন্দু মজুমদার, আলী যাকের, সারা যাকের এমনকি আসাদুজ্জামান নূরও নাকি গ্যালারিতে এলে একটু বসে যান ক্যাফেতে। কবি সাজ্জাদ শরীফ, লেখক আনিসুল হক কিংবা গীতিকার কাওসার আহম্মেদ চৌধুরীও আসেন বেঙ্গল ক্যাফের আড্ডায়। দিনকে দিন এ দেশের শিল্পী-সাহিত্যিকদের একটা দারুণ মিলনমেলায় রূপ নিচ্ছে বেঙ্গল ক্যাফে।বেঙ্গল ক্যাফে নিয়ে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের সুবীর চৌধুরী বললেন, ‘ক্যাফেটা আসলে ঠিক আমাদের ব্যবসার উদ্দেশ্যে করা নয়। এর মূল উদ্দেশ্য হলো, দেশের শিল্পী-সাহিত্যিকদের জন্য একটু বসার জায়গা করে দেওয়া। সে জন্যই দেখবেন আমাদের ক্যাফেতে খুব বেশি ভিড়ভাট্টা নেই। পরিবেশটা একদমই ঘরোয়া। আর খাওয়া নয়, আড্ডাটাই আসলে বেঙ্গল ক্যাফের প্রধান আকর্ষণ।’