ছবিতে দেখা যায় প্রকৃতির সূক্ষ্মাতিসূক্ষ্ম নানা অনুষঙ্গ। বিমূর্ত বা আধাবিমূর্ত রীতিতে শিল্পী মারুফ আহমেদ বিকশিত করেন রঙের অবয়ব। আর বিষয়ের সঙ্গে সংগতি রেখে ছবিতে ব্যবহার করেন রং। এভাবে তিনি ক্যানভাসকে পরিপূর্ণ করেন মনের মাধুরী মিশিয়ে। তাঁর এ ধরনের চিত্রকর্ম নিয়ে গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে একক প্রদর্শনী ‘অসীম’। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে জার্মানিপ্রবাসী এই শিল্পীর প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পসমালোচক ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান। শিল্পী ১৯৫১ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে ঢাকার তৎকালীন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। সত্তরের দশকের মধ্যভাগে চারুকলায় উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য জার্মানি যান। চিত্রকলার বৃহত্তর ভুবন, বিশেষত, জার্মান অভিব্যক্তি চিত্রধারা তাঁর মনন ও দীর্ঘদিনের চিত্রবিদ্যাচর্চা ও অভিজ্ঞতায় প্রভাব ফেলে।প্রদর্শনীতে রয়েছে ৩৯টি চিত্রকর্ম। প্রদর্শনী চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।