বেঙ্গালুরুতে চালু হলো মেট্রোরেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ অপেক্ষার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আজ বৃহস্পতিবার মেট্রোরেল পরিসেবা চালু হয়েছে। দেশটির নগর উন্নয়নমন্ত্রী কমলনাথ আজ এই পরিসেবার উদ্বোধন করেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।মহাপরিকল্পনা অনুযায়ী বেঙ্গালুরুতে ৪২ কিলোমিটার মেট্রো পরিসেবা চালু হওয়ার কথা। তবে আজ সেখানে প্রথম পর্যায়ের আংশিক পরিসেবা চালু হলো। এই রুটের দৈর্ঘ্য সাত কিলোমিটার। আপাতত মেট্রোরেলের তিনটি কোচ সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে। ভাড়া ধরা হয়েছে ১০ থেকে ১৫ রুপি। পরিকল্পনা অনুযায়ী বেঙ্গালুরুতে মেট্রোরেলের বাকি পথের কাজ ২০১৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরোপুরি চালু হওয়ার পর এই শহরের প্রায় ৩০ হাজার যাত্রী প্রতি ঘণ্টায় মেট্রোরেলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন।গণপরিবহনের সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে বেঙ্গালুরুতে মেট্রোরেল চালুর পরিকল্পনা করা হয়। ২০০৬ সালে এর নির্মাণকাজ শুরু হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ছয় হাজার কোটি রুপি।বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এতে রয়েছে দেড় হাজারেরও বেশি দেশি-বিদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান। ৮৫ লাখ মানুষের এই শহরে গণপরিবহনের সংকট তীব্র। ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে যানজটও প্রকট আকার ধারণ করেছে। মেট্রোরেল চালু হলে যানজটের সমস্যা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।বেঙ্গালুরু ভারতের তৃতীয় শহর, যেখানে মেট্রোরেল পরিসেবা চালু হলো। কলকাতায় আশির দশকে ও রাজধানী দিল্লিতে ২০০২ সালে মেট্রোরেল চালু হয়। সম্প্রতি মুম্বাইয়ে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয়েছে। চেন্নাইতেও মেট্রোরেল চালু করার পরিকল্পনা আছে।