বেঙ্গালুরুতে বিজেপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ের সামনে আজ বুধবার একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। তবে এ ঘটনার পর বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে কোন্দল শুরু হয়েছে।কর্নাটক পুলিশের মহাপরিচালক লাল রোখুমা পাচুয়াউ সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে বেঁধে রাখা বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়।’রোখুমা পাচুয়াউ বলেন, ‘ঘটনাস্থল ও এর আশপাশে দায়িত্ব পালন করছিলেন পুলিশের এমন আটজন সদস্য আহত হয়েছেন। বাকি আটজন সাধারণ মানুষ।’ তিনি আরও বলেন, ‘জখম খুব বেশি নয় এবং কারও অবস্থা আশঙ্কাজনক নয়।’রয়টার্স জানায়, আসছে মে মাসে অনুষ্ঠেয় প্রাদেশিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তাই কার্যালয়টিতে দলের কর্মী-সমর্থকদের ভিড়ও ছিল খুব বেশি।টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে এবং রয়টার্সের ছবিতে দেখা গেছে, কয়েকটি মোটরগাড়ি, দুটি মোটরসাইকেল এবং একটি পুলিশের বাস পুড়ে গেছে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তবে পরে পুলিশের এক সদস্য বলেন, সম্ভবত কোনো একটি মোটরসাইকেলে একটি বোমা রাখা ছিল।সংবাদমাধ্যমগুলো বলছে, বিস্ফোরিত বোমাটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। পুলিশের কর্মকর্তা রোখুমা পাচুয়াউ জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ঘটনাস্থলে পৌঁছেছে।কংগ্রেস-বিজেপি বাগযুদ্ধটাইমস অব ইন্ডিয়া জানায়, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী আর পি এন সিংহ বেঙ্গালুরুর ঘটনায় রাজনৈতিক রং না চড়াতে অনুরোধ করেছেন। তবে কংগ্রেসের নেতা শাকিল আহমেদ টুইটারে এক মন্তব্য করে ঝড় তুলেছেন। তাঁর বক্তব্য হলো, ৫ মের প্রাদেশিক নির্বাচনে ফায়দা লোটার জন্য বিজেপি এ বিস্ফোরণ ঘটিয়েছে।বিজেপির মুখপাত্র মীনাক্ষি লেখি বলেন, শাকিলের মন্তব্য নেতৃত্বসুলভ নয়। তবে তিনি বলেন, সন্ত্রাসী আক্রমণকে সব সময় রাজনীতির বাইরে থেকে বিবেচনা করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেছেন, তিনি ঘটনার তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জনর্ধন দ্বিভেদী আজ বলেন, ‘যেকোনো সন্ত্রাসী হামলা উদ্বেগের বিষয়...এটি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা...একে রাজনৈতিক লাভালাভের বিষয় বলে বিবেচনা করা উচিত নয়।’এর আগে শাকিল বলেন, ‘বেঙ্গালুরুতে বিজেপির কার্যালয়ের ওপর বোমা হামলা যদি সন্ত্রাসীদের কাজ হয়, তবে এতে সামনের নির্বাচনে বিজেপির লাভই হবে।’তবে কংগ্রেস বলছে, ‘শাকিল যা বলেছেন, সেটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। এতে কংগ্রেসের নতুন করে বলার কিছু নেই।’ আর পি এন সিংহ বলেন, ‘আমি তাঁর টুইট দেখিনি। তিনি যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত অভিমত এবং এ নিয়ে দলের কিছু করার নেই।’বিজেপি শাকিল আহমেদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। মীনাক্ষি লেখি বলেন, ‘এ ধরনের মন্তব্য অপ্রত্যাশিত এবং একজন প্রবীণ কংগ্রেস নেতার কাছ থেকে এসব আশা করা যায় না। পার্টিটি (কংগ্রেস) ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে তারা কর্নাটক নির্বাচনে হেরে গেছে।’আহমেদের মন্তব্যের সমালোচনা করে বিজেপির সভাপতি রাজনাথ সিংহ বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাবে মাপা উচিত নয়।’