বেজেছে যত গণিতের বাজনা
শীতের শেষ সকালে গণিতকে ভালোবেসে দল বেঁধে সেরা গণিতবিদের দল আসতে থাকে উৎসবে অংশ নিতে। হলুদ টি-শার্ট পরিহিত দল বেঁধে গণিতবিদদের এমন এগিয়ে যাওয়াকে প্রাণের উচ্ছ্বাসে গণিত জয়ের নেশাই বলা যায়। সকাল থেকে আসতে থাকা গণিতবিদদের দেখে পথচারীসহ অনেকেরই মনে উঁকি দেয় নানা প্রশ্ন। পথচারীদের নিরাশও করেনি শিক্ষার্থীরা। একজন জানিয়ে দেয়, আজ হচ্ছে গণিতের জাতীয় উৎসবের দিন। আজ গণিত নিয়ে হবে খেলা। পথচারীরা বুঝে মাথা নাড়ে আর শিক্ষার্থীরা এগিয়ে যায় গণিত জয়ের লক্ষ্য নিয়ে। বসন্ত বলেই নাকি পুরো আয়োজনে বাসন্তী রঙের টি-শার্ট আর উচ্ছ্বাসে ভরা আয়োজনে সত্যিই এক টুকরো বসন্ত এসেছিল। ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আরও একবার হয়ে গেল গণিতের জয়। এবার ছিল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১০ আর অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন। এবারের এ আয়োজনের শুরুটা হয়েছিল রংপুর থেকে। এরপর সারা দেশে হয়ে গেল ১৩টি গণিতের আঞ্চলিক উৎসব আয়োজন।অনেক দূর যাওয়ার স্বপ্নগণিত জয় আর এগিয়ে যাওয়ার স্বপ্নটা প্রতিবারই থাকে গণিতবিদদের চোখেমুখে। সে লক্ষ্য সামনে রেখে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় এমন আয়োজন হয়। ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ গণিত দলের সাফল্য এবং আরও ভালো করার লক্ষ্যে ৫১তম আইএমওতে যাবে বাংলাদেশ গণিত দল। তারই প্রস্তুতির শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় এবারের জাতীয় উৎসব। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক ও সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। প্রতিবারের মতো এবারও সারা দেশের ১৩টি আঞ্চলিক উৎসবের বিজয়ী ৮৫০ জনের মধ্যে ৬৫৬ জন এসেছে জাতীয় উৎসবে। তাদের মধ্যে নির্বাচিত একদল খুদে গণিতবিদকে নিয়ে হবে বাংলাদেশ জাতীয় গণিত ক্যাম্প।শুরুটা হয় দেশ দিয়েপ্রতিটি গণিত উৎসবেই গণিত হবে, শুধু এমনই নয়। গণিতকে সামনে রেখে নানা ধরনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব। পুরো উৎসব আয়োজনে থাকে নানা বিষয়। সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ববোধ আর দেশপ্রেম তো আছেই। জাতীয় গণিত উৎসবের শুরুটা হয় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এ সময়ে ওড়ে গণিতের পতাকাও। আর শিক্ষার্থীরা বেলুন উড়িয়ে ও হাততালির মধ্য দিয়ে উল্লাসে মেতে ওঠে। উৎসবের উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিও পেরেরা। এ পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। এর পরই শুরু হয় গণিত উৎসবের মূল আয়োজন।গণিত নিয়ে খেলাগণিত নিয়ে খেলা আর বিজ্ঞানের ভাষায় নানা রকমের খেলায় মেতে থাকে শিক্ষার্থীর দল। দুই দিনের জাতীয় উৎসব অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় উৎসবের মূল আয়োজন গণিত অলিম্পিয়াড। চারটি ক্যাটাগরিতে একসঙ্গে পরীক্ষা শুরু হলেও শেষ হয় বিভিন্ন সময়ে। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা শেষ হয় দুই ঘণ্টায়, জুনিয়র তিন ঘণ্টায় এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা শেষ হয় চার ঘণ্টায়। শুরু থেকে শেষ পর্যন্ত খেলার ছলে গভীর মনোযোগে গণিতে ডুবে যায় খুদে গণিতবিদেরা। পরীক্ষা শেষ হতেই আবার মাঠে গড়ায় গণিতবিদদের আনন্দ। কলম, পেনসিল হাতে নিয়ে কোনো রকম দৌড়ে মাঠে চলে আসে শিক্ষার্থীরা। তাদের ঘিরে ধরে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষকেরা। কেমন হলো, কী কী এল হতে থাকে এসব প্রশ্ন। তবে শিক্ষার্থীর মন তখন দৌড়ে যায় মূল প্যান্ডেলে! কার আগে কে বসবে—এই নিয়ে চলে ছোটাছুটি। এমনই সব বিষয় নিয়ে হয় উত্সব। যেখানে থাকে প্রাণের ছোঁয়া মেশানো ভালোলাগা। তবে শিক্ষার্থীদের সঙ্গে আসা অনেকেই আবার চিন্তায় পড়ে যায়—উৎসব তো দুই দিন, তাহলে কী হবে এখন? এ উত্তর আবার শিক্ষার্থীরাই দিয়ে দেয়। উৎসব আয়োজন যে শুধু গণিত নিয়েই নয়, মজার সব জিনিস আর আয়োজনে ভরপুর থাকে সারা বেলা।গণিত উৎসবের যত আয়োজনদুই দিনের গণিত উৎসব ছিল নানা আয়োজনে ঘেরা। এমনই সব আয়োজন যে অনেকেরই আক্ষেপ থেকেই যায়—আরও এক দিন কেন হলো না! উত্সব আয়োজনের প্রথম দিনে গণিত অলিম্পিয়াড আর মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় ওয়াটার রকেট উৎক্ষেপণ। এ আয়োজনে নানা নামে ওয়াটার রকেট উৎক্ষেপণ শিক্ষার্থীদের দেখানো হয়। এর পরই মূল মঞ্চে শুরু হয় গানের সুর আর নৃত্যের ঝংকার। নানা বিষয় নিয়ে চলতে থাকা মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিল সিলেটের মেয়ে নাফিজা আনজুম। অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল দেশের গান, আদিবাসী নৃত্য, আবৃত্তি, কৌতুক আর গিটারের সুরের মায়াজাল। শুধু কি তাই? এসব আয়োজন ছাড়াও আঞ্চলিক গানের আয়োজনও ছিল অনুষ্ঠানে। ছিল বন্ধুসভার সদস্যদের বদলের গান আর গণিত অলিম্পিয়াডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক দীপেশ দাস এবং পরীক্ষা নিয়ন্ত্রক নওরিন হাসানের বিশেষ চমক অনুষ্ঠান। উৎসবের এমন আয়োজনে যেমন পুলকিত শিক্ষার্থীরা, তেমনি অভিভাবকেরাও। খুলনা থেকে আসা অভিভাবক মেহেরুন কাদের জানান, এমন সুন্দর আয়োজন দেখে বলতেই হয়, গণিতে ভালো করা এই শিক্ষার্থীরা গণিত ছাড়াও অনেক কিছুতেই ভালো। একই মত দেন আরেক অভিভাবক শাহানা ফেরদৌস। তিনি বলেন, উৎসবের আবহ ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের আয়োজন সত্যিই সুন্দর। অভিভাবকদের এমন ভালোলাগা, শিক্ষার্থীদের আনন্দ আর গণিত জয়ের প্রেরণা—সব মিলিয়ে উৎসব হয় জমজমাট। অনুষ্ঠানের মধ্যেই শিক্ষার্থীদের চমক লাগিয়ে মঞ্চে আসেন ভাষা আন্দোলনের পাঁচজন প্রথম সারির যোদ্ধা। উচ্ছ্বাস আর প্রাণের উৎসবগণিতের এ আয়োজনের শুরু থেকে এবারের গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন বিষয় গানের সুরে বর্ণনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় গণিতের পট। খুলনার রূপান্তর দেশের দক্ষিণাঞ্চলের একটি বিশেষ ধরনের পরিবেশনা করে। এতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, বাংলাদেশে গণিত অলিম্পিয়াড শুরুর ইতিহাস তাদের গায়কির মাধ্যমে তুলে ধরে। এবারের গণিতের প্রতিপাদ্য বিষয় সুন্দরবনকে চিনবে বিশ্ব। বিশ্ব-ঐতিহ্যের অংশ করতে উৎসবে ছিল এ নিয়ে বিশেষ পর্ব। এতে সুন্দরবনকে বিশ্বের সপ্তাশ্চর্য তালিকায় তুলতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর পর উৎসবে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় গণিত সংসদ। যেখানে শিক্ষার্থীরা আগামীর গণিত উৎসব কেমন হলে ভালো হয়, কী কী চাই—এমনই সব কথা নিয়ে আলোচনা করে। এ পর্বে স্পিকারের দায়িত্ব পালন করেন গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় দেশের প্রখ্যাত গণিতবিদেরা উপস্থিত ছিলেন। গণিত সংসদ শেষ হতেই সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। এ পর্বে বক্তব্য দেন দেশসেরা গণিতবিদসহ আগত অতিথিরা। এ পর্ব পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। উৎসব আর আলোচনার মধ্যে উঠে আসে বিভিন্ন স্বপ্নের কথা। পুরস্কার বিতরণে গণিত উৎসবে চার ক্যাটাগরিতে চারজন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নসহ সর্বমোট ৭৮ জনকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থী ছাড়াও এ আয়োজনে পুরস্কৃত হয় আয়োজকেরা। আয়োজকদের মধ্যে সেরা ভেন্যুর পুরস্কার জিতে নেয় খাগড়াছড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল ময়মনসিংহ ও চট্টগ্রাম। সেরা পরীক্ষা ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছে বরিশাল, যদিও সেরা আর্থিক ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছে ফরিদপুর। এ ছাড়া সেরা উদ্ভাবনী ভেন্যুর পুরস্কার জিতেছে খুলনা। পাশাপাশি অন্য সব বিভাগীয় আয়োজকদের জন্যও ছিল ব্যবস্থাপনা স্মারক। এবারের উৎসবে দিনাজপুর সায়েন্স একাডেমি ও প্যারালাল ম্যাথ স্কুল ‘গণিত ক্লাব অব দ্য ইয়ার-২০০৯’ পুরস্কার অর্জন করে। ভেন্যু স্কুল সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের জন্যও ছিল শুভেচ্ছা ক্রেস্ট ও ভেন্যু স্মারক।ধন্যবাদ সবাইকেডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গণিত উৎসব এবং অন্যান্য আয়োজন করে থাকে। দেশের সর্বত্র জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সব ধরনের সহযোগিতা আমরা পেয়ে থাকি। ভেন্যু স্কুলগুলোর উদারতা, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সর্বাঙ্গীণ উদ্যোগে গণিত উৎসব আজ আমাদের শিক্ষার্থীদের প্রাণের মেলায় পরিণত হয়েছে। আয়োজনের ঝক্কি-ঝামেলার বড় অংশ যায় প্রথম আলোর প্রতিবেদক বা প্রতিনিধি এবং বন্ধুসভার বন্ধুদের ওপর দিয়ে। দেশজুড়ে সব কটি উৎসবের সমন্বয় করে গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক বা মুভার্স। উৎসব শুরু হওয়ার অনেক আগে থেকে উত্সবের প্রশ্নপত্র তৈরি করে শেষ দিনে উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল তৈরির কাজ করেন আমাদের একাডেমিক স্বেচ্ছাসেবকেরা। তাঁদের বেশির ভাগই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সবার জয়যোগে গণিত উৎসব সফল হয়। সবাইকে আমাদের কৃতজ্ঞতা।