বেড়িবাঁধে ঈদের নামাজ
খুলনা জেলার আইলা দুর্গত কয়রা উপজেলার অধিকাংশ ঈদগাহ ময়দান পানিতে তলিয়ে থাকায় কয়েক হাজার মুসলমান ঈদুল ফিতরের জামাত উঁচু বেড়িবাঁধে, মসজিদে, স্কুলে, আশ্রয় কেন্দ্রে নামাজ আদায় করেছেন।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ঘূর্ণিঝড় আইলায় প্লাবিত হয়। পাঁচটি ইউনিয়নে ভাঙ্গা বাঁধ মেরামত হলেও অতি বর্ষণে কয়রা, মাহারাজপুর, উত্তরবেদকাশি ও দক্ষিণ বেদকাশির অধিকাংশ এলাকাই পানিতে ডুবে রয়েছে। এসব এলাকার ঈদগাহ মাঠগুলোও ডুবে গেছে। তাই পানিবন্দি মানুষেরা বাধ্য হয়েই বেড়িবাঁধ, উঁচুজমি, সাইক্লোন সেন্টার, মসজিদ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে ঈদের নামাজ আদায় করেছেন। আরও জানা গেছে, কয়রা সদরের কপোতাক্ষ কলেজের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২-৩ ফুট পানিতে ডুবে থাকায় উপজেলা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা, জোড়সিং, পাতাখালি ও বীণাপানি এলাকা, উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর, কাটকাঁটা, পাথরখালি এলাকা, কয়রা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং কয়রা এলাকা, মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি এলাকার ঈদগাহগুলো পানিতে তলিয়ে থাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর ঈদের জামাত পড়েছেন।৫নং কয়রা গ্রামের মোহাম্মদ আলী (৫০) বলেন, অন্যান্য বার ৪নং কয়রা ঈদগা মাঠে জামাত করতে পারলেও এবার পানিতে তলিয়ে থাকায় বেড়িবাঁধের ওপর নামাজ পড়তে হয়েছে।পাথারখালি গ্রামের আবদুল করিম(৩৮) আক্ষেপ করে বলেন, ‘উত্তর বেদকাশি ঈদগাহ মাঠে আগে সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তি পারলিও ইবার পানির জন্নি বিভিন্ন উঁচু জাগায় নামাজ পড়তি হয়েছে।’কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার বলেন, আইলার সময় কয়রার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। দক্ষিণ বেদকাশি ইউনিয়নসহ কয়রার অনেক ঈদগাও পানিতে ডুবে রয়েছে। তাই মুসলমানরা বেড়িবাঁধসহ সুবিধাজনক উঁচু স্থানে ঈদের নামাজ আদায় করেছেন।