বেতন, বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় আজ শুক্রবার শ্রমিকেরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও কর্মবিরতি পালন করেছেন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকার আহসান কম্পোজিট লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা চলতি মাসের অর্ধেক বেতন ও বেসিক বেতনের সমপরিমাণ বোনাসের দাবিতে আজ সকাল ১০টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও কারখানায় ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার পাশের পল্লী বিদ্যুত্ মাটিকাটা আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা কয়েকটি রিকশা ভাঙচুর করেন। গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা-পুলিশ ওই কারখানায় গিয়ে শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।পরে শ্রমিকেরা আবার কারখানার ভেতরে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নিয়ে আগামী রোববার বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার ঘোষণা দেয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে।