বেতন কমল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের বেতনভাতা কমানো হয়েছে। জনগণের অসন্তোষের কারণে সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগের চেয়ে ৩৬ শতাংশ বেতন কমছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর লি সিয়েন লুংয়ের। বেতন কমলেও বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনীতিবিদ হিসেবে তাঁর অবস্থান অপরিবর্তিত থাকবে।সিঙ্গাপুরে মন্ত্রিসভায় ও সরকারি প্রতিষ্ঠানে মেধাবীদের আকৃষ্ট করতে উচ্চহারে বেতন দেওয়া হয়। বেশি বেতন রাজনীতিকদের দুর্নীতিমুক্ত ও সত্ রাখতে সহায়ক হিসেবে কাজ করে বলে ধারণা করে দেশটি।আগের বেতন স্কেল অনুযায়ী প্রধানমন্ত্রী লির বার্ষিক বেতন ছিল ২৩ লাখ মার্কিন ডলার (৩০ লাখ সিঙ্গাপুরি ডলার)। চলতি বছর থেকে তাঁর বেতন হবে ১৭ লাখ মার্কিন ডলার (২২ লাখ সিঙ্গাপুরি ডলার)। গত বছর তাঁর নিয়োগ করা বেতন-বিষয়ক একটি পর্যালোচনা কমিটি আজ বুধবার এ তথ্য জানায়।বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া ব্যক্তি হলেন হংকংয়ের প্রধান নির্বাহী ডোনাল্ড সাং। ডোনাল্ড সাংয়ের বার্ষিক বেতন সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লির বেতন কমানো হলেও তিনি সাংয়ের চেয়ে তিনগুণ বেশি বেতন পাচ্ছেন। অন্যদিকে সর্বশেষ বেতনকাঠামো অনুযায়ী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বেতন চার লাখ ৯৮ হাজার ২০০ মার্কিন ডলার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বেতন চার লাখ মার্কিন ডলার।নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গাপুরের মন্ত্রিসভার সদস্যদের সর্বনিম্ন বাত্সরিক বেতন হবে আট লাখ ৪০ হাজার মার্কিন ডলার (১১ লাখ সিঙ্গাপুরি ডলার)। রয়টার্স।