বেতন কমানোর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আজ শনিবার নগরের ষোলোশহর এলাকায় সড়ক অবরোধ করেছে। বেলা সোয়া দুইটার দিকে তারা সড়ক অবরোধ শুরু করে। এ সময় নগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাত পৌনে আটটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাঁরা চারটি অনুষদ ভবন এবং প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেন। তাঁরা শরীরের রক্ত দিয়ে দেয়ালে লিখে বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে শাটল ট্রেনে করে বেলা সোয়া দুইটার থেকে ষোলোশহর স্টেশনে আসে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে তিনটার দিকে মিছিল নিয়ে তাঁরা ষোলোশহর ২ নম্বর গেটের মোড়ে অবস্থান নেন। সেখানে মাইক লাগিয়ে তাঁরা গণসংগীত পরিবেশন আর বক্তৃতা করেন। এ সময় ষোলোশহরের চারদিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়। তাঁরা উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন। প্রসঙ্গত, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজকুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেছি। বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বেশি নয় বলে তাঁরা দাবি করেছেন।’উপকমিশনার বলেন, ‘একপর্যায়ে আমরা শিক্ষার্থীদের বলেছি, তাঁদের অবরোধ এবং দাবি-দাওয়ার বিষয় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। এর পরই শিক্ষার্থীরা রাত পৌনে আটটার দিকে অবরোধ তুলে নেন।’ তিনি বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়। তবে আজ রোববার থেকে কোনো শিক্ষার্থীকে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেবে।জানা গেছে, আজ শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ নগরের জিইসি মোড়, মুরাদপুর, অক্সিজেন, বহদ্দারহাট, গোলপাহাড়, বায়োজিদ বোস্তামিসহ নগরের বিস্তীর্ণ এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ষোলোশহরের ব্যবসায়ী শাহীনুল ইসলাম বলেন, ‘আমি বহদ্দারহাটের পাইকারী বাজার থেকে মাছ কিনে ষোলোশহরের বাজারে নিচ্ছিলাম। শপিং কমপ্লেক্সের কাছে আমার রিকশা আটকে দেয় কিছু ছাত্র। মাছ নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে রাস্তায় আটকে থাকতে হয়।’ নতুন কর্মসূচি: দাবি মেনে নেওয়া না হলে কাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়গামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া কাল বিকেল চারটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-বুদ্ধিজীবী-অভিভাবক সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।