সাভারে ধসে পড়া রানা প্লাজার পাঁচটি পোশাক কারখানার কিছু শ্রমিককে বেতন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার সাভার সেনানিবাসের গলফ ক্লাব মাঠে জীবিত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেওয়া হয়। নিহত শ্রমিকের স্বজন ও হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের বেতন এবং ক্ষতিপূরণ পরে দেওয়া হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে অনেক শ্রমিক অভিযোগ করেন, তাঁরা চার মাসের বেতন-ভাতা চাইলেও তা দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে বেতনের দাবিতে শ্রমিকেরা সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের দাবি ছিল, চার মাসের বেতন-ভাতা, অতিরিক্ত কাজের মজুরি, ক্ষতিপূরণ ও শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করার ক্ষতিপূরণ। বিকেলে বেতন-ভাতা দেওয়া হবে—এই আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। কিন্তু দাবি অনুযায়ী বেতন-ভাতা ও ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিক সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসেন। শ্রমিকেরা জানিয়েছিলেন, তাঁদের এক মাসের বেতন দিতে চেয়েছিল বলে না নিয়ে ফিরে এসেছেন। এরপর সুনির্দিষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাতে অনেকে বেতন-ভাতা আনতে যান। বিজিএমইএ গতকাল ঢাকায় সংবাদ সম্মেলন করে বলছে, রানা প্লাজার পাঁচটি পোশাক কারখানার এক হাজার ৭৭৬ পোশাক শ্রমিকের বেতন দেওয়া হয়েছে। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এ সময় জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত নিউ ওয়েভ স্টাইলের ৭৯৭, নিউ ওয়েভ বটমসের ২৪২, ইথারটেক্সের ২৫৫, ফ্যানটম অ্যাপারেলসের ৩০৮ ও ফ্যানটম টেকের ১৭৫ জন শ্রমিকের বেতন দেওয়া হয়েছে। সন্ধ্যার পরেও বেতন দেওয়া হবে। বেতন দেওয়ার জন্য তিন হাজার ৬১৯ জনের তালিকা করা হয়েছে।সাভারের চিত্র: গতকাল ভোর থেকেই শ্রমিকেরা গলফ ক্লাব মাঠে এসে হাজির হন। বেলা ১১টার দিকে বেতন দেওয়া শুরু হয়। ইথারটেক্স পোশাক কারখানায় সুইং অপারেটর খালেদা আক্তার ভবনধসের দিনই জীবিত উদ্ধার হন। তাঁকে গতকাল ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ওভারটাইমসহ মাসে তিনি এমনিতেই ৯ থেকে ১০ হাজার টাকা পেতেন। এখন তাঁকে ঠকানো হয়েছে। কারণ, তিনি তো এখন আর কাজ করতে পারছেন না। অনেক শ্রমিকই বলেছেন, দাবির তুলনায় তাঁদের কম অর্থ দেওয়া হচ্ছে।জানা গেছে, প্রত্যেককেই এক মাসের বেতন দেওয়া হচ্ছে। তবে যাঁদের এক বছরের বেশি চাকরি ছিল, তাঁদের ক্ষেত্রে প্রতিবছরের জন্য একটি করে মূল বেতন যোগ করা হচ্ছে। পাশাপাশি বার্ষিক ছুটি ও অতিরিক্ত কাজের (ওভারটাইম) অর্থ দেওয়া হচ্ছে। বিজিএমইএর অগ্নিনির্বাপণ পরামর্শক মতিউর রহমান প্রথম আলোকে জানান, মৃতদের স্বজনদের বেতন ও ক্ষতিপূরণ দেওয়া হবে পরে। আর হাসপাতালের চিকিৎসাধীনদের সেখানেই বেতন দেওয়া হবে। নিহতের স্বজন ও চিকিৎসাধীন ব্যক্তিরা পাননি: রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা বেতন পাননি। তাঁদের প্রধানমন্ত্রী নিজ হাতে আরও বড় অঙ্কের অনুদান দেবেন বলে জানিয়ে দেওয়া হয়। গতকাল অনেক নিহত শ্রমিকের স্বজনেরা গলফ ক্লাব মাঠে বেতন নিতে এসেছিলেন। মানিকগঞ্জের দৌলতপুরের কদুরি বেগম মেয়ে জ্যোৎস্নার লাশ দাফন করে এসেছেন। তিনি বলেন, বেতনের কথা শুনে এসে জানতে পারেন, মৃতদের বেতন পরে দেওয়া হবে। তাই চলে যাচ্ছেন। বরগুনার শাহীদা আক্তারের স্বামী ছিদ্দিকুর রহমান কাজ করতেন ধসে পড়া ভবনের অষ্টম তলায়। ঘটনার পরদিন ছিদ্দিকুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শাহীদাও আসেন গলফ ক্লাব মাঠে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘বেতন হয়তো পাওয়া যাবে। পরে সরকার অনেক টাকা দেবে। কিন্তু আমার দায়িত্ব নেবে কে? আমার তো কোনো সন্তানও নেই।’ শাহীদার বিয়ে হয়েছে তিন বছর। তিন হাজার ৬১৯ জনের তালিকা: বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম দাবি করেন, ‘শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়টি বিজিএমইএর দায়িত্বের মধ্যে পড়ে না। তার পরও আমরা মনে করেছি, ক্ষতিগ্রস্ত শ্রমিক ভাইবোনেরা পোশাক পরিবারেরই সদস্য। তাই স্বতঃস্ফূর্তভাবে সমিতি এই দায়িত্বভার নিয়েছে।’ আতিকুল ইসলাম জানান, পাঁচ কারখানার মোট তিন হাজার ৬১৯ জন শ্রমিকের নাম তালিকা করা হয়েছে। তিনি দাবি করেন, ভবনধসের আগে চাকরি ছেড়ে দেওয়া অনেক শ্রমিক বেতন দাবি করায় শ্রমিকদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।এর আগে পাঁচ কারখানায় শ্রমিকদের দুটি হিসাব দিয়েছিল বিজিএমইএ। যেমন তিন হাজার ৪০০ এবং তিন হাজার ১২২ জন শ্রমিক। গতকালের প্রেস বিফ্রিং শেষে শারমীন গ্রুপের শ্রমিক ও মালিকের পক্ষ থেকে বিজিএমইএর কাছে ২৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এই টাকা সাভারের ভবনধসে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। প্রতিবাদ: গতকাল প্রথম আলোতে প্রকাশিত ‘বেতন পেলেন না শ্রমিকেরা’ সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, সমিতির সহসভাপতি এস এম মান্নানের বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি। তাঁর বক্তব্য হচ্ছে, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধ করার জন্য যে পরিমাণ টাকার দরকার ছিল, সেই পরিমাণ টাকা নিয়েই তাঁদের প্রতিনিধি গিয়েছিলেন।’