ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা তাদের নিজ নিজ কাজে যোগ দেন। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কাজে যোগ দেন। এর আগে বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের তিন শতাধিক কর্মচারী বজলে কাদেরের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। আজ সকালে পরিচালক তাঁর কার্যালয়ে ঢুকতে গেলে কর্মচারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে এবং মাসের ৭ তারিখ হওয়া সত্ত্বেও কেন বেতন পাচ্ছেন না, তা জানতে চান।পরিচালক বজলে কাদের কর্মচারীদের ধৈর্য ধরতে বলেন এবং আগামীকাল বেতন দেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টার পর কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ কাজে যোগ দেন।উল্লেখ্য, মাসের ছয় দিন পার হলেও বেতন পাচ্ছেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার এ নিয়ে হাসপাতালে হইচই-হট্টগোল হয়। এদিকে নিয়োগ কমিটির সবার অনুমোদন ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ এমএলএসএস পদে লোক নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয় সূত্র একে পুরোপুরি অবৈধ বলে মত দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতনের টাকা ব্যাংকে থাকলেও কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে তা তোলা যাচ্ছে না। অবসরকালীন ছুটিতে যাওয়ার আগে ভারপ্রাপ্ত উপপরিচালক ফয়জুল্লাহ বেতনের টাকা ব্যাংক থেকে তোলার দায়িত্বে ছিলেন। পরিচালক তাঁকে দিয়ে নিয়োগের মতো কাজ করালেও বেতন তোলার ব্যবস্থা করেননি। বিক্ষুব্ধ কর্মচারীরা বলেন, প্রতি মাসের ১ ও ২ তারিখে তাঁরা বেতন পান। এ মাসের ৬ তারিখ পার হয়ে গেলেও তাঁরা এখনো বেতন পাননি। হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক জসিমউদ্দিন বলেন, ‘সাবেক কর্মকর্তা ফয়জুল্লাহ বেতন দেওয়ার দায়িত্বে ছিলেন। তিনি এলপিআরে যাওয়ায় কর্মচারীদের বেতন তোলা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। হাসপাতালের পরিচালক আমাকে ভারপ্রাপ্ত উপপরিচালকের দায়িত্ব দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বেতন দেওয়ার বিষয়ে পরিচালককে অনুমোদন দিলে বেতন জটিতলতার অবসান হবে।’