বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়ার কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা আজ সকালে বিক্ষোভ করেছেন। তবে বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।এনভয় গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা জানান, আজ সকালে কারখানা তিনটির প্রায় আট হাজার শ্রমিক কাজে যোগ দেন। এ সময় তাঁরা গত ১৩ জুন গ্রেপ্তার হওয়া তাঁদের সহকর্মী এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। মালিক পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর তাঁরা আবার কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। শেড ফ্যাশন ও ওসান গেট সোয়েটার নামে অপর দুটি কারখানার শ্রমিকেরা একই দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করছে বলে কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে নিশ্চিন্তপুরে অনন্ত গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন পাঁচ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর করছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম পোশাকশ্রমিকদের আজকের বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা নিশ্চিত করেছেন।