বেতন-বোনাস নিয়ে বেসরকারি শিক্ষকদের হাহাকার কমেছে
বেতন-বোনাস নিয়ে দেশজুড়ে বেসরকারি শিক্ষকদের মধ্যে তৈরি হওয়া হাহাকার কেটে গেছে। গতকাল বুধবার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার বেশির ভাগ শিক্ষক বেতন-ভাতা পেয়েছেন। আজ বৃহস্পতিবারও কোনো কোনো ব্যাংক বেতন-ভাতা দেওয়ার কথা জানিয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গত কয়েক দিনে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়ায় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে শতভাগ শিক্ষক এটা পেলে আরও বেশি খুশি হতাম।’ বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষক বাদ থাকতে পারেন বলে মন্ত্রী মনে করছেন। তবে যাতে কেউ বাদ না থাকেন, সে চেষ্টা আজ সাধ্যমতো করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।ঈদের আগে বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়লে শিক্ষামন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের নীতিনির্ধারকেরা বিশেষ উদ্যোগ নেন। গতকাল ব্যাংক সময় শেষ হওয়ার পরও অনেক শাখা থেকে শিক্ষকেরা বেতন-বোনাস তুলেছেন। আবার বিচ্ছিন্নভাবে কোনো কোনো এলাকায় কিছু শিক্ষক হয়রানির শিকার হয়েছেন বলে অবিযোগ পাওয়া গেছে।আমাদের রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাস পেতে শুরু করেছেন।হাজি ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহা. শামসুল হক বলেন, ঈদের আগে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাস পাবেন না, এটাই রীতি ছিল। এ বছর দেরিতে হলেও ঈদের আগেই বেতন-বোনাস পাওয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আনন্দিত।রাজশাহী অফিস জানায়, গতকাল বুধবার দুপরের মধ্যে স্থানীয় ব্যাংকে শিক্ষকদের বেতনের বিল জমা হয়। শিক্ষকেরা বেতন ও বোনাস তুলতে শুরু করেছেন।সোনালী ব্যাংকের রাজশাহী প্রিন্সিপাল অফিসের সিনিয়র কর্মকর্তা তারিক আমিন জানান, ৮০ শতাংশ শিক্ষক গতকাল বুধবারের মধ্যে বেতন ও বোনাস তুলতে পেরেছেন। বাকি ২০ শতাংশ আজ বৃহস্পতিবার বেতন-বোনাস তুলতে পারবেন।সিলেট অফিস জানায়, শিক্ষামন্ত্রীর উদ্যোগ ও ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় ব্যাংক কর্মকর্তারা সিলেটের বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যেই সব শিক্ষক বেতন-বোনাস পাবেন বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, বিশ্বনাথে গতকাল অনেক শিক্ষক বেতন-বোনাস পেয়েছেন। বেশ কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, জনতা ব্যাংক বিশ্বনাথ শাখায় গিয়ে ঈদের বেতন-বোনাস নিতে আসা শিক্ষকেরা কিছুটা দুর্ব্যবহারের সম্মুখীন হন।যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ পর্যন্ত আমরা প্রায় ২৪টি (৪৩টির মধ্যে) স্কুলের শিক্ষকদের মধ্যে বোনাসের টাকা বিতরণ করেছি। তাঁদের টাকা দেওয়ার জন্য আমিসহ সহকর্মীরা গত মঙ্গলবার ছুটির দিনও কাজ করেছি।’খুলনা অফিস জানায়, শিক্ষকদের বেতন-বোনসের টাকা তাঁদের ব্যাংক হিসাবে জমা হচ্ছে বলে ব্যাংক থেকে জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত সব শিক্ষক সেই টাকা তুলতে পরেননি। তাঁরা আজ বৃহস্পতিবার টাকা উত্তোলন করতে পারবেন বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে জেলার নয়টি উপজেলার শিক্ষকদের বেতন-বোনাসের টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁদের ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) জমা হয়নি বলে জানা গেছে।ফরিদপুর অফিস জানায়, বাণিজ্যিক ব্যাংকের তারল্যসংকট ও পদ্ধতিগত জটিলতার কারণে গতকাল পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন উপজেলার প্রায় চার হাজার শিক্ষক বেতন ও বোনাস পাননি।নগরকান্দা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোনারাত হোসেন গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে জানান, তারল্যসংকটের কারণে বেতন ও বোনাস দেওয়া যায়নি। ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে টাকা চেয়ে পাঠানো হয়েছে। টাকা এসে গেলে বেতন ও বোনাস দেওয়া সম্ভব হবে।মধুখালী সোনালী ব্যাংকের উপজেলা শাখার ব্যবস্থাপক মো. জালালউদ্দীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার পর্যন্ত পদ্ধতিগত সমস্যার কারণে তিন হাজার ৮৮০ জন শিক্ষকের বেতনের শিট আসেনি।রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার ৩৩১টি বেসরকারি স্কুলের কয়েক হাজার শিক্ষক তাঁদের বেতন-বোনাস গতকাল বুধবারও ব্যাংক থেকে তুলতে পারেননি। একই ঘটনা ঘটেছে জেলার ১৭৭টি মাদ্রাসার ক্ষেত্রে। শুধু ৭৩টি কলেজের বেতন হলেও তাঁরা বোনাস পাননি।