বেতন বোর্ড গঠনের দাবিতে ২৮ মার্চ কর্মবিরতি
সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ তথ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কর্মসূচি ঘোষণা করেছে। পরিষদের নেতারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তথ্যমন্ত্রীর কারণে সাংবাদিক-কর্মচারীদের অষ্টম বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না।আজ মঙ্গলবার পরিষদ আয়োজিত সভায় ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ মার্চ বুধবার সংবাদপত্র, সংবাদ সংস্থা ও গণমাধ্যমে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন। এ ছাড়া ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক-প্রেস শ্রমিক ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।পরিষদের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মসূচি সাংবাদিক ফেডারেশন, প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশের সব ইউনিয়নে পালন করা হবে।সভায় উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে তথ্য বিবরণীতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু তথ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেতন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ চূড়ান্ত করেছেন এবং সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীদের পক্ষ থেকে বেতন বোর্ডের প্রতিনিধিদের তালিকা পাঠানোা সত্ত্বেও শুধু তথ্যমন্ত্রীর কারণে বেতন বোর্ড গঠন হচ্ছে না।সভায় ইলেকট্রনিক মিডিয়ার জন্য স্বতন্ত্র বেতন-কাঠামো ঘোষণারও দাবি জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের কো-কনভেনার ইকবাল সোবহান চৌধুরী। ঐক্য পরিষদের নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, মো. আলমগীর হোসেন খান, মো. মতিউর রহমান তালুকদার, আবদুল জলিল ভূঁইয়া, শওকত মাহমুদ, মো. খায়রুল ইসলাম, মো. কামাল উদ্দিন, ওমর ফারুক, আবদুস শহিদ, মো. বাকের হোসেন ও আবদুল মজিদ।