বেতন বোর্ড সম্পর্কে নোয়াবের বক্তব্যের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন বোর্ড গঠনের বিরুদ্ধে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদপত্রসেবীদের বিভিন্ন সংগঠনের নেতারা।নোয়াবের ওই বক্তব্য গত মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা।এক যুক্ত বিবৃতিতে নেতারা বলেন, নোয়াবের বক্তব্য সংবাদপত্র-শিল্পের জন্য বেতনসংক্রান্ত জাতীয় সংসদে গৃহীত আইনের লঙ্ঘন এবং এই বক্তব্য দণ্ডনীয় অপরাধযোগ্য। তাঁরা উল্লেখ করেন, ১৯৭৪ সালে গৃহীত আইনের আওতায় এ পর্যন্ত সাতটি বেতন বোর্ড গঠন ও রোয়েদাদ ঘোষণা করা হয় এবং প্রচলিত আইন অনুযায়ী বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন বাধ্যতামূলক। বিভিন্ন সময়ে মালিকদের সংগঠন বেতন বোর্ডের বিরুদ্ধে মামলা করেও আইনের কাছে হেরে গিয়ে ঘোষিত বেতন বোর্ড মেনে নিতে বাধ্য হয়েছে।আজ যখন মাননীয় প্রধানমন্ত্রী সংবাদপত্রশিল্পে কর্মরত সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির যৌক্তিকতা মেনে নিয়ে অষ্টম বেতন বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন, বোর্ডের চেয়ারম্যান নিয়োগ চূড়ান্ত করেছেন এবং সরকারের সার্কুলারের পরিপ্রেক্ষিতে বিএফইউজে, শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের নামের তালিকা পাঠানো হয়েছে, তখন মালিকপক্ষ তাদের প্রতিনিধিদের নাম না পাঠিয়ে বেতন বোর্ডের বিরোধিতা করছে। নেতারা একে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন।বিবৃতিতে তাঁরা বলেন, নোয়াবের এই বক্তব্য সংবাদপত্রশিল্পে অশান্তি ও ক্ষোভ সৃষ্টি করবে। তথ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গ করে অষ্টম বেতন বোর্ড গঠনের ব্যাপারে টালবাহানা ও গড়িমসির সুযোগে নোয়াব এই বক্তব্য দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ লঙ্ঘন করে তথ্যমন্ত্রীর অষ্টম বেতন বোর্ড গঠনের বিরুদ্ধে অবস্থান সাংবাদিক ও সংবাদপত্রশিল্পে কর্মরত সবার স্বার্থের পরিপন্থী।নেতারা অষ্টম বেতন বোর্ড গঠনের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে নোয়াবকে বোর্ডে তাঁদের প্রতিনিধি পাঠিয়ে বেতন বোর্ড গঠনে সহযোগিতা করার এবং সংবাদপত্রশিল্পে শান্তি বজায় রাখার আহ্বান জানান।বিবৃতিতে স্বাক্ষর করেন ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, শওকত মাহমুদ, ওমর ফারুক, আবদুস শহিদ, শাবান মাহমুদ, বাকের হোসাইন, মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, আলমগীর হোসেন খান ও কামাল উদ্দিন।