বেতন-ভাতা রক্ষার জন্য তাঁরা সংসদে এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল সদস্যপদ ও বেতন-ভাতা রক্ষার জন্য সংসদে এসেছে। তিনি প্রশ্ন করেন, তাঁরা এত দিন কোথায় ছিলেন? তাঁদের সংসদে আসতে নিষেধ করেছে কে?শেখ হাসিনা আরও বলেন, বিরোধীদলীয় নেত্রী সংসদে অসত্য তথ্য দিয়ে গেছেন। তাঁকে কেউ একটা মুখরোচক উপন্যাস রচনা করে দিয়েছেন। তিনি তা পাঠ করে গেছেন। তবে সংসদে আসার জন্য তাঁকে ধন্যবাদ।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিরোধীদলীয় নেত্রীর এক ঘণ্টা ৫৩ মিনিটের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী ৪৯ মিনিট বক্তব্য দেন। তিনি বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য খণ্ডন করেন। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি। শেখ হাসিনা গত ১৮ ডিসেম্বরের বোমাবাজির কথা উল্লেখ করে বলেন, অরাজকতার জন্য তাঁরা স্বাধীনতা ও বিজয়ের মাস বেছে নেন। আর নেবেন না কেন? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে টাকা খাওয়ার বিষয়টি সে দেশের আদালতে হলফনামা দিয়ে বলা হয়েছে। তিনি বলেন, ‘রেডিও-টিভিতে নানা রকম ঘোষক আছেন। তাঁরা ঘোষকের দাবি করেন। যে শক্তিকে যুদ্ধ করে পরাজিত করেছি, তাদের হাত থেকে টাকা নিতে লজ্জা হয় না? সেই টাকা নিয়ে তারা নির্বাচনে জিতেছে।’শেখ হাসিনা বলেন, ‘বিএনপির দুর্নীতির কথা আমার বলা লাগবে না। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট ও সিঙ্গাপুরের আদালতে তাদের দুর্নীতির প্রমাণ হয়েছে। এফবিআইয়ের কর্মকর্তা দেশে এসে দুর্নীতির বিষয়ে সাক্ষী দিয়ে গেছেন। সেই দুর্নীতির টাকা রক্ষা করতেই তারা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করে। তিনি বলেন, বিএনপি নয়জন জেনারেলকে ডিঙিয়ে মইনকে সেনাপ্রধান করেছিল। ফখরুদ্দীনকে ওয়াশিংটন থেকে এনে গভর্নর করে। ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা করে। বিচারপতি আজিজকে দিয়ে দলীয় নির্বাচন কমিশন গঠন করে। শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে ছিল একটা অভিশপ্ত সময়। সে সময় উন্নয়ন হয়েছিল কেবল বোমা, গ্রেনেড, নারী ও শিশু ধর্ষণের। অপারেশন ক্লিনহার্টে ৫৮ জন মানুষকে হত্যা করা হয়। এরপর তারা র‌্যাব গঠন করে।শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে ১৪ জন সাংবাদিককে হত্যা করা হয়। এক হাজার ৮০০ সাংবাদিককে পঙ্গু করা হয়। বিভিন্ন স্থানে নিজেরা খুনোখুনি করে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের নামে মামলা দেওয়া হয়। বিএনপির নেতা এম কে আনোয়ারের সমালোচনা করে তিনি বলেন, ‘তোফায়েল আহমেদের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। স্বাধীনতার পর এম কে আনোয়ারের থ্রি নট থ্রি ধারায় দুর্নীতির দায়ে চাকরি চলে গেলে তোফায়েল আহমেদের দয়ায় তিনি চাকরি পান। এরশাদের আমলে তিনি স্বরাষ্ট্রসচিব থাকাকালে আমাদের গ্রেপ্তার করা হয়। ১৯৯১ সালে তোফায়েল আহমেদকে নিয়ে মনোনয়নের জন্য আসেন। ওই দিন বিকেল চারটায় আমাদের সংসদীয় দলের বৈঠক। তিনি দুইটায় এসে কিছুক্ষণ থেকে চলে যান। কারণ, বিএনপির কাছে আইএসআইয়ের টাকা আসার গন্ধ যখন পেলেন, তখন তিনি চলে যান।’ প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন। অথচ বিচার বিভাগ সম্পর্কে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপির আমলে ভুয়া সার্টিফিকেটধারীকে বিচারক নিয়োগ করা হয়েছিল। বিএনপির নেতৃত্বে প্রধান বিচারপতির দরজায় লাথি মারা হয়েছিল।টিপাইমুখ বাঁধ নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় তাঁরা এ নিয়ে কিছু করেননি। গঙ্গার পানির কথা বলতে দিল্লিতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন। তিস্তার পানি নিয়ে তাঁরা এত কথা বলেন, কিন্তু ক্ষমতায় থাকতে তো তাঁরা কিছু করেননি। ক্ষমতায় থাকলে সব ভুলে যান, বিরোধী দলে গেলে সব মনে পড়ে। তিনি বলেন, ‘বিএসএফের হত্যা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। বিএসএফ সদস্যদের চাকরি গেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে সীমান্তে অনেক হত্যাকাণ্ড হয়েছে। তখন তারা প্রতিবাদ করারও সাহস পায়নি। আমরা তিন বিঘা করিডর আদায় করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও আমরা ন্যায্য দাবি ছাড়িনি।’ শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২২ জন মারা গেলেও এ নিয়ে সংসদে আলোচনা করতে দেওয়া হয়নি। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া, সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা, ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা নিয়েও সংসদে আলোচনা করতে দেওয়া হয়নি। নিজেরা হত্যার সঙ্গে জড়িত থাকলে আলোচনা করতে দেবে কী করে?দেশের উন্নয়নের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। গত তিন বছরে ৬৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। সাড়ে চার লাখ মানুষের সরকারি চাকরি হয়েছে। শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন দুই হাজার ৯৪৪ মেগাওয়াট বেড়েছে। ৪০০ ঘনফুট গ্যাস উৎপাদন বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়ক হচ্ছে। ১৪ লাখ ৩৩ হাজার জনশক্তি রপ্তানি হয়েছে। তিন হাজার ৩৭০ কোটি ডলার রেমিট্যান্স হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। এরপর অধিবেশন ২৯ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।