বেতন-ভাতাবঞ্চিত ১৫ কর্মচারীর চাকরি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ছয় বছর ধরে সরকারি বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের ১৫ জন কর্মচারী। সরকার পরিবর্তন হয়েছে, কমপ্লেক্সের দায়িত্ব এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে গেছে, কিন্তু কমপ্লেক্সটি যাঁরা দেখে শুনে রেখেছেন তাঁদের সরকারি চাকরি এখনো অনিশ্চিত। তাঁদের প্রায় ১৮ মাসের বকেয়া বেতন অনুমোদিত হলেও তাঁরা এখনো টাকা হাতে পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, ২০০৪ সালের জুনে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সমাধিসৌধ কমপ্লেক্সের প্রকল্পের মেয়াদ শেষ হয়। প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব খাতে নেওয়ার বিষয়টি চারদলীয় জোট সরকারের আমলে ঝুলে যায়। এ সময় কর্মকর্তা-কর্মচারী ছিলেন ২১ জন। প্রকল্পের অধীনে তাঁদের ১৯ মাসের বেতন বকেয়া ছিল। দীর্ঘদিন বেতন না পেয়ে ছয়জন কর্মস্থল ত্যাগ করেন। বাকি ১৫ জন এখনো আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এখনো কিছু আর্থিক সহায়তা পাচ্ছেন। কিন্তু এতে তাঁদের চলে না। দীর্ঘদিনে এসব কর্মচারী বিপুল পরিমাণ টাকা দেনা হয়ে পড়েছেন। বর্তমানে সমাধিসৌধ কমপ্লেক্সের দায়িত্বে নিয়োজিত গোপালগঞ্জ গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে ২৭টি পদ সৃষ্টি করা হয়েছে। যে ১৫ জন আছেন তাঁদের রেখে বাকি ১২টি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি দেখছে। গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মানিক লাল দে জানান, সচিব কমিটির বৈঠক হয়ে কর্মচারীদের রাজস্ব খাতে একীভূত করার ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রকল্পের সময় থেকে সব প্রতিকূলতা অতিক্রম করে এখনো যাঁরা রয়ে গেছেন, সেই ১৫ জনের বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। বাকি ১৪টি পদে বিজ্ঞপ্তির মাধ্যমে লোক নেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।