বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বেতন-ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে বিক্ষোভ শুরু করেন। তাঁরা নাবিস্কো ও সাতরাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল বের করেন। ফলে মহাখালী, মগবাজার, গুলশানসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, আজ সকালে কারখানাটির শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকেরা সকালে এসে দেখেন কারখানাটি বন্ধ। এরপর তাঁরা এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা রাস্তা অবরোধ করায় মহাখালীর আশপাশের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। পুলিশ এসে সমস্যা সমাধান করার আশ্বাস দিলে তিন ঘণ্টা পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পুলিশ জানায়, যেভাবেই হোক তারা কারখানার মালিককে খুঁজে বের করবে। তবে শ্রমিকেরা বলেছেন, বেতন-ভাতা না পেলে তাঁরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবেন।