বেতনের অংশ বিশ্ববিদ্যালয়কে দেব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের উদ্দেশে বলেছেন, ‘আমি যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়ে এলাম, তার জন্য কী করলাম—তা ভেবে দেখা উচিত।’ তিনি বলেন, ‘আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। মন্ত্রী হিসেবে বেতন-ভাতা পাচ্ছি। এর একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেব।’আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কবি সুফিয়া কামাল হলের উদ্বোধন শেষে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত টাকা থাকলে শিক্ষা একেবারে অবৈতনিক করে দিতাম। কিন্তু এত টাকা তো নেই।’ তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যাঁদের কাছে পড়েছি, টিউটোরিয়াল দিয়েছি, তাঁদের কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের সেই শিক্ষকদের খুনের বিচার করা তো আমাদের দায়িত্ব।’ শেখ হাসিনা জোর দিয়ে বলেন, ‘যারা আমাদের শিক্ষককে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।’প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ার, রোকেয়া হলের ৭ মার্চ ভবন ও ফার্মেসি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি নবনির্মিত কবি সুফিয়া কামাল হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণাকেন্দ্র ভবনের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমদ, সহ-উপাচার্য (প্রশাসন) শহীদ আখতার হোসেইন প্রমুখ।