বেতনের জন্য শিল্পাঞ্চল অশান্ত হলে মালিক দায়ী: স্কপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই পোশাক-কারখানাসহ ব্যক্তিমালিকানাধীন সব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের আগস্ট মাসের পূর্ণ বেতন দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে পরিষদ বর্তমান মজুরিকাঠামোর ভিত্তিতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে।আজ সোমবার এক বিবৃতিতে স্কপের নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ প্রত্যাশা করে, শিল্প ও দেশের স্বার্থে মালিকেরা নিজ নিজ দায়িত্ব বোধ থেকে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য প্রাপ্য পরিশোধের ব্যবস্থা করবেন। এটা না করলে এবং মালিকদের বৈরী আচরণে শিল্পাঞ্চলে অশান্তকর পরিস্থিতির সৃষ্টি হলে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন সে জন্য দায়ী থাকবে না।বিবৃতিতে তাঁরা বলেন, প্রায়ই দেখা যায়, ঈদের আগে পোশাক-কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা নানা অজুহাতে শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা থেকে বঞ্চিত করেন। ফলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হন এবং সৃষ্ট অচলাবস্থার জন্য শ্রমিক ও শ্রমিক সংগঠনকে দায়ী করা হয়।স্কপের বিবৃতি দেওয়া নেতারা হলেন রায় রমেশ চন্দ্র, জাফরুল হক, ওয়াজেদুল ইসলাম খান, শাহ মোহাম্মদ আবু জাফর, মেসবাহ উদ্দিন আহমেদ, আবদুল কাদের হাওলাদার, শফিউদ্দিন আহমেদ, মজিবুর রহমান ভৌমিক, খলিলুর রহমান, রাজেকুজ্জামান রতন প্রমুখ। বিজ্ঞপ্তি।