বেতনের দাবিতে তাজরীনের শ্রমিকদের বিক্ষোভ
চার মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকেরা আজ শনিবার বিক্ষোভ করেছেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের আজ বেতন দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। সে অনুযায়ী শ্রমিকেরা বেতনের জন্য সকাল সাড়ে আটটার দিকে কারখানায় যান। বিজিএমইএ কর্তৃপক্ষ সকাল নয়টার দিকে টঙ্গীতে তাঁদের নেওয়ার জন্য পাঁচটি বাস পাঠায় এবং জানায়, সেখানে গিয়ে চলতি মাসের বেতন নিতে হবে। এ কথা শোনার পর শ্রমিকেরা চার মাসের বকেয়া বেতন না দিলে সেখানে যাবেন না বলে জানিয়ে দেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মালিকের ফাঁসি ও চার মাসের বেতনের দাবিতে মিছিল করতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা নিশ্চিন্তপুরে দুটি পোশাক কারখানা প্যাসকো লিমিটেড ও নিউএইজ অ্যাপারেলস লিমিটেডে হামলা চালান। এ সময় নিউএইজ অ্যাপারেলসের শ্রমিকেরা বাইরে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল পথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের সরে যেতে বলে। কিন্তু শ্রমিকেরা সরে না গেলে কয়েক দফা শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও পাল্টা-পাল্টি ধাওয়া ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, তাজরীন ফ্যাশনসের শ্রমিকেরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে মিছিল শুরু করলে পরিস্থিতির অবনতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।