বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে স্থানীয় তৈরি পোশাক কারখানা ক্রিয়েটিভ ডিজাইনার লিমিটেডের শ্রমিকেরা। ওই সময় মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার করে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।পূর্ব ঘোষণা না দিয়ে কারখানা বন্ধ ও চলতি মাসের বেতনের দাবিতে আজ বেলা পৌনে একটা থেকে শ্রমিকেরা এই মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ কারখানা মালিকদের সঙ্গে শ্রমিকদের কথা বলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। অবরোধকারী শ্রমিকেরা জানায়, কারখানার প্রায় ৬০০ শ্রমিক গত বুধবার থেকে কাজে এলেও তাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। তাই তারা কারখানা বন্ধের প্রতিবাদে ও চলতি মাসের বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করেছে। কারাখানার প্রশাসনিক ব্যবস্থাপক আরিফুর রহমান জানান, এ ব্যাপারে মালিকপক্ষ শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলবে। কারখানা ভবনের মালিক ও কারখানার মালিকের মধ্যে ভাড়া নিয়ে সংকট দেখা দেওয়ায় গত বুধবার থেকে কারখানায় উত্পাদন বন্ধ রয়েছে। তবে কারখানা বন্ধ হয়ে যায়নি। হোতাপড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, কারখানা মালিকদের সঙ্গে শ্রমিকদের কথা বলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিতে বেলা পৌনে দুইটার দিকে তারা অবরোধ তুলে নেয়।