বেতনের দাবিতে হলমার্ক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে হলমার্কের প্রায় ১০ হাজার শ্রমিক কারখানার কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন। পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে হলমার্কের শ্রমিকেরা কারখানায় গিয়ে বেতনের দাবি জানান। এ সময় কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে পরে বেতন দেওয়া হবে বলে জানালে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকেরা কারখানার ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করেন। এর আগে গতকালও তাঁরা বেতনের দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ না করে অবসর সময় কাটান।ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ভেতরে অবস্থিত তাইওয়ানের মালিকানাধীন জংশিং টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের কারখানার বাইরে অবস্থান করে বিক্ষোভ করতে দেখা গেছে।ওই কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ তাঁদের জুতা পরে কর্মস্থলে উপস্থিত হতে বাধ্য করতেন। শ্রমিকেরা কারখানা থেকে জুতা সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ এ দাবি না মানায় গত মঙ্গলবার থেকে তাঁরা কাজ বন্ধ করে দেন। আজ সকালে শ্রমিকদের জুতা ছাড়া কারখানায় ঢুকতে না দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা কারখানার বাইরে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। হলমার্ক গ্রুপের একটি দায়িত্বশীল সূত্র জানায়, হলমার্কের শ্রমিকদের যাতায়াতে ১৫০টি বাসের ব্যবস্থা ছিল। কিন্তু তিন মাস ধরে চুক্তি অনুযায়ী ওই বাসের ভাড়া পরিশোধ করতে না পারায় আজ সকাল থেকে সংশ্লিষ্ট ঠিকাদারেরা বাস সরবরাহ বন্ধ করে দেন। এতে শ্রমিকদের নিজ খরচে কর্মস্থলে উপস্থিত হতে হয়েছে। এ বিষয়টিও তাঁদের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ও শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁরা জানান, সম্ভাব্য সহিংসতা এড়াতে কারখানাগুলোর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।