বেতার ও দূরদর্শনে বিকৃত উচ্চারণ ও ভাষা ব্যঙ্গ করে অনুষ্ঠান সম্প্রচার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুলের শুনানি হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই নির্দেশ দেওয়া হয়।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন ওই আদেশের পাশাপাশি রুলও জারি করেন।বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন, ‘আমরা আদেশ জারি করছি এই মর্মে যে বাংলা ভাষার পবিত্রতা সর্বোচ্চভাবে রক্ষা করতে হবে। এই ভাষার প্রতি আর যেন কোনো আঘাত না আসে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে আদালত বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ এবং বাংলা ভাষার অবক্ষয় রোধে অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতেও বলেছেন। ওইসব বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ওই কমিটিতে কে কে থাকবেন, তা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে অধ্যাপক আনিসুজ্জামানকে। তবে আদালত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সিরাজুল ইসলাম, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক ও রফিক আজাদের নাম কমিটিতে রাখা যেতে পারে বলেও মত দিয়েছেন।আজ দৈনিক প্রথম আলোর উপসম্পাদকীয়তে ‘ভাষা দূষণ নদীদূষণের মতোই বিধ্বংসী’ শিরোনামে সৈয়দ মনজুরুল ইসলামের একটি নিবন্ধ ছাপা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিবুদ্দিন আহমেদ নিবন্ধটি আদালতের নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার আবেদন জানান।পরে আদালতে আইনজীবী এম আমিরুল ইসলাম, আইনজীবী আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বক্তব্য দেন। এ ছাড়া আদালতের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান অভিমত দেন।