বেতার-দূরদর্শনে বাংলাকে বিকৃত করা যাবে না
বেতার ও দূরদর্শনে (টিভি) বাংলা ভাষাকে ব্যঙ্গ করে বা বিকৃত উচ্চারণে প্রচার করা যাবে না। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট অন্তর্বর্তীকালীন এই নির্দেশ দিয়েছেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির পর রুলও জারি করেন।বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন, ‘আমরা এই মর্মে নিশ্চিত হয়ে আদেশ জারি করছি যে, বাংলা ভাষার পবিত্রতা রক্ষায় সর্বতোভাবে চেষ্টা করতে হবে। এ ভাষার প্রতি যাতে আর কোনো আঘাত না আসে, সে বিষয়ে সচেষ্ট হতে হবে।’গতকাল প্রথম আলোর উপসম্পাদকীয়তে ‘ভাষাদূষণ নদীদূষণের মতোই বিধ্বংসী’ শিরোনামে সৈয়দ মনজুরুল ইসলামের একটি নিবন্ধ ছাপা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিব উদ্দিন আহমেদ নিবন্ধটি আদালতের নজরে আনেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার আরজি জানান। শুনানির পর আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন ওই আদেশ দেন।রুলে বাংলা ভাষার দূষণ ও বিকৃতি রোধে কেন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে যেসব বেতার ও দূরদর্শন ভাষা বিকৃত করে এবং ভবিষ্যতে করার আশঙ্কা আছে, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া বেতার ও দূরদর্শন ভবিষ্যতে ভাষার দূষণ ও বিকৃত করলে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান, সংস্কৃতিসচিব, তথ্যসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে কমিটি: আদেশে বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, সঠিক শব্দচয়ন, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ ও বাংলা ভাষার অবক্ষয় রোধে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নির্ধারণ করতে কমিটি গঠনের কথা বলা হয়েছে। বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে কমিটি করতে হবে। কমিটিতে কে কে থাকবেন এবং এর সদস্যসংখ্যা নির্ধারণ করবেন অধ্যাপক আনিসুজ্জামান। সংস্কৃতিসচিবকে এ ক্ষেত্রে সার্বিক সহায়তা দিতে বলা হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।আদেশে আরও বলা হয়, তবে কমিটিতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুলবিশেষজ্ঞ রফিকুল ইসলাম, কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ ও সৈয়দ শামসুল হকের নাম রাখা যেতে পারে। কমিটি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের কাছে প্রয়োজনীয় পরামর্শের জন্য অনুরোধ করতে পারে।আদালতের আদেশ: আদেশে বলা হয়, ‘রকিব উদ্দিন আহমেদ বাংলা ভাষার দূষণ-প্রক্রিয়ায় ব্যথিত, চিন্তিত ও ক্ষুব্ধ হয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রথম আলোতে প্রকাশিত একটি উপসম্পাদকীয় আমাদের সম্মুখে উপস্থাপিত হয়েছে। এতে বলা হয়েছে, “ভাষাদূষণ নদীদূষণের মতোই বিধ্বংসী।”’আদালত বলেন, ‘এই ভাষা বঙ্গবন্ধুর ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, শরৎচন্দ্রের ভাষা, জীবনানন্দের ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, আলাওলের ভাষা, সৈয়দ মুজতবা আলীর ভাষা, শহীদুল্লাহর ভাষা, লালনের ভাষা, হাসন রাজার ভাষা, শাহ আবদুল করিমের ভাষা, জসীমউদ্দীনের ভাষা ও কায়কোবাদের ভাষা। আজ এই ভাষার ওপর অত্যাচার চলছে। আমাদের জাতিসত্তার অস্তিত্ব রক্ষার জন্যই এটা রোধ করতে হবে। বাংলা আজ কেবল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ভাষা নয়; এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভাষা। যে ভাষার জন্য রফিক, জব্বার শহীদ হয়েছেন, সেই ভাষা দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।’ভাষার স্খলন নয়: আদেশে আরও বলা হয়, ‘এ ভাষার কবি রবীন্দ্রনাথ প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের নানা দেশ থেকে ভাষাবিশেষজ্ঞরা এ দেশে এসে এই ভাষার প্রাচুর্য গবেষণা করছেন। এ ভাষার স্খলন হতে দেওয়া যায় না। এ ভাষায় বঙ্গবন্ধু প্রথম জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, যা ওই সময় বিশ্বনেতাদের মুগ্ধ করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ যেদিন বলেছিলেন, “উর্দুই হবে আমাদের একমাত্র রাষ্ট্রভাষা”, সেদিন থেকেই আমাদের স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল। পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা, যার জন্য মানুষ রক্ত দিয়েছে ও শহীদ হয়েছে। পৃথিবীর ইতিহাসে এ রকম দৃষ্টান্ত আর দ্বিতীয়টি হয়নি। তাই এ ভাষার পবিত্রতা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।’পরবর্তী শুনানি: আদেশে পরবর্তী শুনানিতে বক্তব্য উপস্থাপনের জন্য আইনজীবী এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, আকতার ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সদরুল আমিন, সৈয়দ শামসুল হক ও প্রবন্ধকার সৈয়দ মনজুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়।গতকালের শুনানি: বেলা সোয়া ১১টার দিকে উপসম্পাদকীয়টি আদালতের নজরে এনে রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের রেডিও ও টিভিতে বিকৃত উচ্চারণে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কী হবে? প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির উন্নতি হয়েছে। এ ক্ষেত্রে বিধিনিষেধ প্রয়োজন। আমাদের পূর্বসূরিরা অনেক কষ্টে এ ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। এ ভাষার আন্দোলনের পথ ধরেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।’ এই পর্যায়ে আদালত বলেন, স্বাধীনতার অন্যতম উদ্দেশ্য ছিল ভাষা ও সংস্কৃতির প্রসার। এখন সংস্কৃতির ওপর নির্যাতন হচ্ছে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ভাষার বিকৃতি অনেক দূর চলে গেছে। এ বিষয় রোধ করতে আদালতের নির্দেশনা প্রয়োজন। আদালত বলেন, বাংলা ভাষা এতটাই সমৃদ্ধ যে, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হয়েছে। কিন্তু তা বাংলা গীতাঞ্জলির ধারেকাছেও যেতে পারেনি।অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, দিন দিন একটি ভাষার উৎকর্ষ সাধন করার কথা ছিল। কিন্তু বিভিন্নভাবে এখন বিচ্যুতি ঘটছে। ভাষার যাতে বিচ্যুতি না ঘটে, আদালত সেই নির্দেশনা দিতে পারেন।অন্য একটি মামলায় শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। একপর্যায়ে আদালতের আহ্বানে তিনি বলেন, ভাষা আন্দোলনের পথ ধরে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতাকে রক্ষার স্বার্থেই ভাষাকে রক্ষা করতে হবে। নানাভাবে ভাষাকে বিকৃত করা হচ্ছে। ভাষার বিকৃতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।আদালত বলেন, এ বিকৃতকরণের প্রক্রিয়া আজ থেকে শুরু হয়নি। একসময় কবি কাজী নজরুল ইসলামের কবিতাও এ দেশে সংশোধিত হয়েছে। তিনি লিখেছিলেন, ‘সজীব করিব মহাশ্মশান’, তাকে বদলে করা হয় ‘সজীব করিব কবরস্থান’।