বেদখল সব শিশুপার্ক উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বেদখল হয়ে যাওয়া সব শিশুপার্ক উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার সকালে ওসমানী মিলনায়তনে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দানকালে তিনি এই নির্দেশ দেন। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ওই প্রতিযোগিতার আয়োজন করে। খবর বাসস ও ইউএনবির।শিশুরা যাতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে তাদের জন্য নিরাপদ আবাস প্রতিষ্ঠায় তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমার স্বপ্ন।’প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশে শিশু নির্যাতন বন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার ঝুঁকিপূর্ণ কাজে ও রাজনৈতিক তৎপরতায় শিশুদের ব্যবহার বন্ধের বিধান রেখে প্রণয়ন করেছে জাতীয় শিশুনীতি।শিশু নির্যাতন বন্ধে তিনি সবার প্রতি মানসিকতার পরিবর্তন এবং শিশুদের ভালোবাসতে অনুরোধ জানান। তিনি বলেন, ভালোবাসা ও স্নেহই কেবল শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হতে পারে। শিশুদের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হতদরিদ্র শিক্ষার্থীদের বাবা-মাকে ইতিমধ্যে বৃত্তি প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে তাঁরা সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহিত হন।শেখ হাসিনা বলেন, ‘দেশের শিশুদের জন্য শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা চাই না তারা (শিশুরা) টোকাই (পথশিশু) হিসেবে বেড়ে উঠুক।’সমাজে ধনী-দরিদ্রের বৈষম্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী সচ্ছল ব্যক্তিদের শিশুদের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি রাজধানীতে শিশুদের খেলার মাঠের অভাবের জন্য হতাশা ব্যক্ত করেন এবং এ ক্ষেত্রে আবাসন খাতের উদ্যোক্তাদের প্রতি তাঁদের প্রকল্পসমূহে উন্মুক্ত স্থান রাখার আহ্বান জানান, যাতে শিশুরা সেখানে অবাধে খেলাধুলা করতে পারে।শেখ হাসিনা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বার্ষিক পরীক্ষা শেষে দেশব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেন। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেলে শিশু-কিশোরেরা সমাজবিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকবে।ছোটভাই শেখ রাসেলের মধুর কিছু স্মৃতির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘রাসেল সেনা কর্মকর্তা হতে চেয়েছিল। কিন্তু ঘাতকদের বুলেটের আঘাতে সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে।’ আবেগঘন কণ্ঠে তিনি প্রশ্ন করেন, ‘কী দোষ ছিল রাসেলের? ঘাতকেরা কেন তাকে হত্যা করল? ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছোট্ট রাসেলকে হত্যা করে ঘাতকদের কী লাভ হয়েছে?’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, অধ্যাপক আবুল বারাকাত, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ-উজ-জামান প্রমুখ বক্তব্য দেন।পুরস্কার ও পদক বিতরণ: প্রধানমন্ত্রী পরে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার ও পদক বিতরণ করেন। প্রধানমন্ত্রী শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। তিনি বেশ কিছু শিশুর সঙ্গে কথা বলেন এবং মাতৃস্নেহে আদর করেন।সংশোধনী: গতকাল সোমবার প্রথম আলোর ১৯ পৃষ্ঠায় ভুলক্রমে শেখ রাসেলের জন্মদিন ১৭ অক্টোবর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তার জন্মদিন হবে ১৮ অক্টোবর। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।