বেদখল হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আহত ১৫, আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেদখল ১১টি হল, একটি খেলার মাঠ উদ্ধার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা আন্দোলন’-এর ব্যানারে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। একপর্যায়ে আন্দোলন ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্ররা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। এ সময় সূত্রাপুর ও কোতোয়ালি থানা পুলিশ নয়জনকে আটক করে।আজ বিশ্ববিদ্যালয়ের বেদখল হল উদ্ধার আন্দোলনের এক বছর পূর্ণ হয়। গত বছরের ২৭ জানুয়ারি হল উদ্ধারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় পুলিশ। ওই সময় শতাধিক আহত হন। এর জের ধরে বিশ্ববিদ্যালয় টানা এক মাস বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাতজন ছাত্রের বিরুদ্ধে মামলাও করে। কিন্তু গত এক বছরেও শিক্ষার্থীদের হলের দাবি পূরণ না হওয়ায় আবারও তাঁরা আন্দোলনে নামেন বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, আজ দুপুর ১২টায় হল উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি থাকলেও সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। সকাল ১০টার আগেই ক্লাস বর্জন করে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে ছোট ছোট বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনে পৌঁছালে তারা প্রক্টরের কক্ষের দরজায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা দোতলায় উপাচার্যের কার্যালয়ে ওঠতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন।সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের মূলফটক দিয়ে বাইরে যেতে চাইলে পুলিশি বাঁধার মুখে মানববন্ধন শুরু করেন। শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলার একপর্যায়ে বেলা পৌনে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূলফটকে থাকা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ পাল্টা জবাবে শিক্ষার্থীদের ধাওয়া করে কিছুটা ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবারও সংগঠিত হয়ে বিক্ষোভ করতে থাকলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাদেশ ব্যাংক ভবন লক্ষ্য করে ইট নিক্ষেপ করে অর্ধশতাধিক জানালার কাঁচ ভেঙে ফেলেন।দুপর ১২টার দিকে শিক্ষার্থীরা আবারও ভাস্কর্য চত্বরে মানববন্ধন শুরু করেন। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, প্রক্টর কাজী আসাদুজ্জামান, ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। বেলা পৌনে একটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা আন্দোলন কমিটির দিদারুল আলম ২৭ জানুয়ারিকে ‘হল আন্দোলন দিবস’ ঘোষণা করে তাঁদের কর্মসূচি শেষ করেন।পরে বেলা একটার দিকে বেশ কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়সংলগ্ন সদরঘাট সড়ক এবং লক্ষ্মীবাজার এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। এ সময় সদরঘাটঘাট সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে দিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নাহিদুজ্জামান, মো. মোনায়েম, বাবুলসহ নয় শিক্ষার্থীকে আটক করে।বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন এক বিবৃতিতে হল উদ্ধারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এ ছাড়া হল উদ্ধার কমিটি ৪ ফেব্রুয়ারি সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হানিফ প্রথম আলোকে বলেন, ভাঙচুরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে কেউই অভিযোগ নিয়ে না আসায় মামলা হয়নি। অন্যদিকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল তাহেদী তিন ছাত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া ছাত্রদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বেদখল হওয়া হল উদ্ধারের বিষয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত পোষণ করেছি। তবে এই ক্ষেত্রে আন্দোলন হবে শান্তিপূর্ণ। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে মেনে নেওয়া হবে না।’ বেদখল হলগুলো উদ্ধারের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো উদ্ধারের জন্য কাজ করছে। ভাবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।