বেদখল হয়ে গেছে অধিকাংশ সরকারি বিল
মেহেরপুর জেলায় ছোট-বড় মিলে প্রায় অর্ধশত বিল বা জলমহাল আছে। ব্রিটিশ আমলে ১৯১৮-২২ সাল পর্যন্ত এগুলো সিএস রেকর্ডভুক্ত ছিল। তখন ব্রিটিশরা জমিদারদের মাধ্যমে এগুলোর কর আদায় করত। ব্রিটিশ শাসনের অবসান ও জমিদারি প্রথা বাতিল হওয়ার পর ১৯৬২ সালে এসএ জরিপকার্য পরিচালনার মাধ্যমে জমিদারদের জমি যেসব প্রজাস্বত্বভুক্ত ছিল, তাদের নামেই জমির রেকর্ডভুক্ত হয়। বিধান হয়, জমিদারেরা ৩৪৫ বিঘার বেশি জমি দখলে রাখতে পারবেন না। তখন জমিদারেরা ভালো জমি রেখে সবকিছু ছেড়ে দেন। ওই সময় যেসব বিল ও সায়রাতমহাল জমিদার বা কোনো প্রজা তাদের নামে অন্তর্ভুক্ত করেননি, সেগুলো এসএ রেকর্ডে সরকারের খাসজমিতে অন্তর্ভুক্ত হয়।সরকারি হিসাবে মেহেরপুর জেলায় ছোট-বড় প্রায় ৪০টি সরকারি বিল বা জলাশয় রয়েছে। ৩০টি বিল বেদখল হয়ে গেছে। জানা গেছে, এসব বিলের জমি উদ্ধারে বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা বেশিদূর এগোয়নি। সর্বশেষ তথ্য জরিপ অনুযায়ী এখানে ১৪টি সরকারি বিলের বর্ণনা দেওয়া হলো।হরিরামপুর বিল: সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে বিলটি অবস্থিত। সিএস নকশায় এ বিলের জমির পরিমাণ ১৬১.৯৫ একর। আর এসএ রেকর্ডে ১৫৮.১৯ একর। অথচ আরএস রেকর্ডে বিলের জমির পরিমাণ মাত্র ৫১.৯৬ একর। বিলের ১১০ একর জমি এখন জোয়াদ আলী, আবদার আলী, শফিকুল ইসলাম, আজিজুল হক, ভাদু মোল্লাসহ প্রায় ১০৯ জন দখল করে আছেন। এ ব্যাপারে ভাদু মোল্লা বলেন, ‘জমি দখল করব কেন, জমি কিনে জমির মালিক হয়েছি।’তেরঘড়িয়া বিল: সদরের কুতুবপুরে তেরঘড়িয়া বিলে সিএস ও এসএ রেকর্ডে জমি ছিল ১০৩.০২ একর। অথচ আরএস রেকর্ডে জমির পরিমাণ দাঁড়িয়েছে ৭১.৪১ একর। অবশিষ্ট ৩২ একর জমি নুরুল হক, আয়ুব শেখ, আবুল কাশেম ভদ্র, জাহান আলী, ফজলু বিশ্বাসসহ প্রায় ৫০ জন জাল কাগজ তৈরি করে ভোগদখলে আছেন। এ ব্যাপারে আয়ুব শেখ বলেন, ‘এ জমি আমার বাপ-দাদার।’হারদাহ বিল: সদরের পিরোজপুর ইউনিয়নে এই বিলে সিএস ও এসএ রেকর্ডে ৪৭.৬৪ একর জমি ছিল। অথচ আরএস রেকর্ডে জমি হলো ৩৯.৭১ একর। বিলের প্রায় ৮ একর জমি ওই গ্রামের আবুল মমিন টিপুসহ চারজন ভোগদখল করে আসছেন। দখলদার আবুল মমিন টিপু বলেন, ‘আরএস রেকর্ডে এই জমি আমাদের। আমরা সরকারি কোনো জমি দখল করিনি।’পাটাপোকা বিল: এই বিলটিও পিরোজপুর ইউনিয়নে। সিএস রেকর্ডে বিলের জমি ছিল ৯৫.৮০ একর। এসএ রেকর্ডে সেই জমির পরিমাণ গিয়ে দাঁড়াল ৭৭.৭২ একর। পরে আরএস রেকর্ডে আরও জমি বেদখল হয়ে দাঁড়াল ৩৯.৭১ একর। এখানকার ৬৬ একর জমি এখন ওলি আহমেদ, তাঁর জামাতা, ভাগ্নেসহ এলাকার চারজন দখল করে আছেন। এ ব্যাপারে ওলি আহমেদ বলেন, ‘জমি আমরা দখল করিনি। উল্টো সরকারি বিলই আমাদের সব জমি দখল করে নিচ্ছে।’শোলমারী বিল: পিরোজপুর ইউনিয়নের এই বিলের সিএস ও এসএ রেকর্ডে জমি ছিল ৪৮.২৭ একর। আরএস রেকর্ডে প্রায় এক একর জমি বেদখল হয়ে যায়। গ্রামের টনিক বিশ্বাস ও আবদুর রশিদ মোল্লা এই জমি দখল করে আছেন। এ ব্যাপারে টনিক বিশ্বাস বলেন, ‘দখল করলে সরকার কীভাবে জমির খাজনা নিচ্ছে?’বাটিকামারী বিল: সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের এ বিলে সিএস রেকর্ডে জমি ছিল ২০.৬৪ একর। এসএ রেকর্ডে হয় ১৯.৮৩ একর। শেষে আরএস রেকর্ডে ১৬.৪০ একর জমি হয়। এখানকার প্রায় আট একর জমি গ্রামের ফজলু বিশ্বাস, আবদুল মজিদ মেম্বার, কিতাব আলীসহ আটজন দখল করে আছেন। এ ব্যাপারে আবদুল মজিদ বলেন, ‘খাজনা যখন আমি দিই, তখন জমির মালিকও আমি। এখানে সরকারের কোনো জমি নেই।’চাঁদ বিল: আমঝুপি ইউনিয়নের চাঁদ বিলে সিএস ও এসএ রেকর্ডে জমি ছিল ৯৬.৪৩ একর। অথচ আরএস রেকর্ডে জমির পরিমাণ দাঁড়ায় ৯২.৯৪ একর। এই বিলের প্রায় চার একর জমি মুন্সী হারুন অর রশিদ, চাঁদ আলী, আবদুল হান্নান, নজরুল ইসলামসহ ১৩ জন ভোগদখল করেন। নজরুল ইসলাম বলেন, ‘আরএস রেকর্ডে জমি আমাদের। আমরা সরকারি বিলের কোনো জমি দখল করি নাই। এটা সবারই কেনা সম্পত্তি।’বিল রুয়াকুলি: সদর উপজেলার আমদাহ ইউনিয়নের এ বিলে সিএস রেকর্ডে জমি ছিল ১২১.৮৬ একর। এসএ রেকর্ডে সেই জমির পরিমাণ কমে হয় চার দশমিক ৮৬ একর। শেষে আরএস রেকর্ডে জমির পরিমাণ হয় মাত্র পাঁচ দশমিক ৪০ একর। এই বিলের ১১৬ একর জমি এলাকার নিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম, রশিদ, রফাসহ ৩৬১ জন ভোগদখল করেন। নিয়াজ উদ্দিন বলেন, ‘জমি সরকারি হলে সরকার মামলা করে জমির মালিকানা আদায় করুক। তাহলে আমরা জমি ছেড়ে দেব।’ গাংনীর চরগোয়ালগ্রাম মরানদী: গাংনীর মটমুড়া ইউনিয়নের এ বিলে সিএস রেকর্ডে জমি ছিল ১১০.৮৩ একর। এসএ রেকর্ডে সেই জমি দাঁড়ায় ৯৬.৬৭ একরে। শেষে আরএস রেকর্ডে মাত্র ৬৬.০৪ একর জমি রেকর্ডভুক্ত হয়। এই বিলের প্রায় ৪৫ একর জমি বিএসসি হান্নান, হায়দার আলী, হামিদুল ইসলাম, আনতাজ আলী, মুনতাজ আলী, ইন্নাছ, মহিদুলসহ ৭১ জন ভোগদখল করেন। হায়দার আলী বলেন, ‘এখানে সরকারের কোনো জমি কেউ দখল করে না; বরং সরকারি বিলের মধ্যে অনেক ব্যক্তির জমি চলে গেছে।’কোদালকাটি মাথাভাঙ্গা মরানদী: এই নদীটি গাংনীর মটমুড়া ইউনিয়নে। সিএস রেকর্ডে এই বিলের মোট জমি ছিল ৭৩.৮৮ একর। এসএ ও আরএস রেকর্ডেও জমির পরিমাণ একই। একমাত্র এই বিলের কোনো জমি এখনো বেদখল হয়নি। এলাঙ্গী বিল: গাংনী ইউনিয়নের এই বিলে সিএস ও এসএ রেকর্ডে জমি ছিল ৩৬.৯১ একর। অথচ আরএস রেকর্ডে পুরো জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড হয়ে গেছে। গ্রামের ২০০ লোক এই জমি নিজ নিজ নামে রেকর্ড করে নিয়েছে। সরকার পক্ষ থেকে বিলটি উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মাইলমারী পদ্মবিল: গাংনীর সাহারবাটি ইউনিয়নের এই বিলে সিএস ও এসএ রেকর্ডে জমি ২৫.৪৩ একর। আরএস রেকর্ডে সম্পূর্ণ জমিই ব্যক্তিমালিকানায় রেকর্ডভুক্ত হয়ে গেছে। এই বিলের সব জমি গ্রামের আকমল উদ্দিন, সাবের আলী, হারেছ উদ্দিনসহ সাড়ে ৩০০ জন নিজ নামে কাগজ করে নিয়ে চাষাবাদ করছেন। এ ব্যাপারে সাবের আলী বলেন, ‘আরএস রেকর্ডে এই জমির মালিক আমরা। জমির খাজনাও দিই।’মুজিবনগরের দাদপুর বিল: মহাজনপুর ইউনিয়নের এই বিলে সিএস ও এসএ রেকর্ডে মোট জমি ছিল ১০৯.৩৮ একর। অথচ আরএস রেকর্ডে মাত্র ৬০.৪৫ একর জমি রেকর্ডভুক্ত হয়। বাকি ৪৯ একর জমি গ্রামের আকছেদ আলী, ইমান উদ্দিন, একলাছুর আলীসহ ৫৩ জন ভোগদখল করেন। একলাছুর রহমান বলেন, ‘আমি বিলের সরকারি জমি দখল করিনি। বৈধ কাগজ সূত্রেই জমির মালিক হয়েছি।’পদ্মবিল: মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের এই বিলে সিএস ও এসএ রেকর্ডে জমি ছিল ১৬.৭০ একর। পরে আরএস রেকর্ডে ১৫.৬৭ একর জমি রেকর্ডভুক্ত হয়। এই বিলের ১.০৩ একর জমি গ্রামের ছাদেক মণ্ডল, আজিবুর রহমান, এলাহী বক্স, হারমুন শেখসহ ১৬ জন দখল করে আছেন। আজিবুর রহমান বলেন, ‘এখানে বিলের জমি বিলের আছে। কেউ কারও জমি দখল করে নেয় নাই। পৈত্রিক সূত্রেই জমির মালিক আমরা।’এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক গাংনী উপজেলার ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, সিএস নকশায় এই বিলগুলোর জমি পরিমাণমতোই ছিল। পরে এসএ ও আরএস রেকর্ডে জমি ধীরে ধীরে ব্যক্তিমালিকানায় চলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এলাকার একাধিক তহশিলদার জানান, জমি উদ্ধারে সরকারিভাবে কঠোর ব্যবস্থা না থাকায় তা উদ্ধার করা যাচ্ছে না। জরিপ তথ্য তুলে ধরে দখল-সংক্রান্ত রিপোর্ট সরকারি দপ্তরে পাঠানো হলেও সরকার পক্ষ থেকে কোনো প্রচেষ্টা না থাকায় বিলগুলো রক্ষা করা যাচ্ছে না।মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন জানান, বিল কখনোই ব্যক্তিমালিকানাধীন হয় না। বিলগুলো সবই সরকারি। এগুলো মৎস্য অধিদপ্তরাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবী বিভিন্ন সমিতির কাছে ইজারা দেওয়া আছে। তবে প্রশাসন বিলের জমি উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেবে।তবে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শুধু রুয়াকালি বিলের দখলকৃত জমি উদ্ধারে ইতিমধ্যে দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চূড়ান্ত। এসব দখলদারের কাছ থেকে জমির খাজনা নেওয়া বন্ধ রয়েছে।আশ্চর্য বটে!: গাংনী উপজেলার এলাঙ্গী ও মাইলমারী পদ্মবিল দুটি সম্পূর্ণ দখল করে নিয়েছে দখলদাররা। সেখানে সরকারের জমি বলে কিছুই নেই। এলাঙ্গী বিলের সিএস এবং এসএ রেকর্ডে জমির পরিমাণ ছিল ৩৬.৯১ একর। আরএস রেকর্ডে বিলের সম্পূর্ণ জমি ব্যক্তি মালিকানায় চলে গেছে। মাইলমারী পদ্মবিলের ২৫.৪৩ একর জমির পুরোটা একই কায়দায় ব্যক্তি মালিকানায় চলে গেছে। তবে এখন ব্যতিক্রম ও আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে কোদালকাঠি মাথাভাঙ্গা মরানদী। জেলার ১৪টি বিলের সবগুলো দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেলেও এই বিলটি এখনো দখলমুক্ত আছে। এই বিলের সিএস, এসএ এবং আরএস রেকর্ডে ৭৩.৮৮ একর জমি আছে। যা এখনো দখল হয়নি।এক নজরে জেলায় নদ-নদী: চারটি। ভৈরব, মাথাভাঙ্গা, কাজলা ও ছেউটিয়া। বিল: ১৪ টি। হরিরামপুর, তেরঘড়িয়া, হারদাহ, পাটাপোকা, শোলমারী, বাটিকামারী, চাঁদবিল, রুয়াকালি, চরগোয়ালগ্রাম মরানদী, কোদালকাটি মাথাভাঙ্গা মরানদী, এলাঙ্গী, মাইলমারী পদ্ম, দাদপুর ও পদ্মবিল। খাল: নয়টি। রণ খাল, বাজিতপুর খাল, বিলকুলা খাল, ফরিদ খাল, আশরাফপুর খাল, ভবানন্দপুর খাল, সরস্বতী খাল, হামকুড়ার খাল ও গোপালপুর খাল। খালগুলোর অধিকাংশই দখলদারদের দখলে। কিছু খালের নাম সরকারি রেকর্ড থেকেই মুছে গেছে। পুকুর: সরকারি ১৬টি ও বেসরকারি ছোট-বড় প্রায় সাড়ে পাঁচ হাজার।