দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর চেষ্টা করেও কয়েক শ কোটি টাকার সম্পত্তি এবং আবাসিক হলগুলোর একটিও দখলমুক্ত করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে আবাসন-সুবিধাবঞ্চিত বিশ্ববিদ্যালয়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থীর জন্য শিগগিরই হলের ব্যবস্থা করা অনিশ্চিত হয়ে পড়েছে।বেদখল ১১টি হলের মধ্যে একমাত্র বাণী ভবনের একাংশ এবং ধূপখোলা মাঠ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দখলে থাকলেও এগুলোর দলিলপত্র উদ্ধার করা সম্ভব হয়নি এখনো। উল্টো বেদখলে থাকা শহীদ শাহাবউদ্দিন ও তিব্বত হল ক্ষমতাসীন দলের দুই নেতা দখল করে নিয়েছেন।গত দেড় বছরের চেষ্টা-তদবিরে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেদখল হওয়া হাবিবুর রহমান হলের ইজারা পেয়েছে। গত মে মাসে ঢাকা জেলা প্রশাসক জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৯.৩৯ কাঠার এই হলটি এক বছরের জন্য ইজারা দেয়। ইজারার ৬৮ হাজার টাকাও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিশোধ করে। কিন্তু হাইকোর্ট বর্তমান দখলদারদের তিন মাসের সময় দেওয়ায় বিশ্ববিদ্যালয় এখনো হলের দখল নিতে পারেনি। এ ছাড়া আবদুর রহমান হল, শহীদ আনোয়ার শফিক, সাইদুর রহমান ও আবদুর রউফ মজুমদার হল ও শহীদ নজরুল ইসলাম হল অধিগ্রহণের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে রাজউক ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছেও অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার কমিটির সদস্য সচিব শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ন্যায্য দাবি অনুযায়ী হাবিবুর রহমান হলটি ইজারা পেয়েছি। আশা করছি, শিগগিরই আমরা দখলে যেতে পারব। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই চারটি হলের অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করব।’শিক্ষার্থীরা দুর্ভোগে: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন-সুবিধা না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকেই পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। ব্যাচেলর ভাড়াটিয়া দেখলেই এখানকার বাড়ির মালিকেরা মোটা অঙ্কের টাকা অগ্রিম হিসেবে দাবি করেন। শিক্ষার্থীরাও নিরুপায় হয়ে তা পরিশোধ করেন। অনেকে আবার ক্যাম্পাসের আশপাশে থাকার জায়গা না পেয়ে চলে যাচ্ছেন ঢাকার বাইরে।তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রীরা। স্থানীয় বাড়ির মালিকেরা ঝামেলা এড়াতে ব্যাচেলর মেয়েদের ভাড়া দিতে চান না। মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী শাহনাজ ইয়াসমীন বলেন, পুরান ঢাকায় বাসা কিংবা মেস ভাড়া পাওয়া ভাগ্যের ব্যাপার। পেলেও বিরাট অঙ্কের টাকা অগ্রিম দিতে হয়। তা ছাড়া নানা বাধ্যবাধকতায় পড়াশোনা করাটা কষ্টকর।ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মামুনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বেতন-ফির সঙ্গে মেস ভাড়া ও যাতায়াত খরচ যোগ হওয়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো টাকা লাগছে। ফলে অনেকেই বাধ্য হয়ে মানবেতর জীবন যাপন করছেন।শিক্ষার্থীদের মতো শিক্ষকদেরও কোনো আবাসন-সুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি একতলা ভবনে মাত্র ১২ জন শিক্ষক থাকতে পারেন। বাকি প্রায় সাড়ে তিন শ শিক্ষককেই বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন ছাত্রকে আবাসন-সুবিধা দিতে পারে না, সেখানে আমাদের আবাসন নিয়ে চিন্তা করাটা পাগলামি। এ ক্ষেত্রে সরকার এগিয়ে না এলে কোনো সমাধান হবে না।’শুধুই চিঠি চালাচালি: সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ২০০৭ সালে বেদখল হওয়া হলগুলো উদ্ধারে প্রথম উদ্যোগ নেন সাবেক উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান। তিনি বেদখল হওয়া হলসহ সম্পত্তির তথ্য জানতে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেন। পরের বছর বেদখল হওয়া হলগুলোর উদ্ধারপ্রক্রিয়ায় সহযোগিতা করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে প্রশাসন। প্রায় নয় মাস পর শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করতে অনুরোধ করেন। এভাবে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে।গত বছরের ২৭ জানুয়ারি আবাসিক হলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক লোক আহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস বন্ধ থাকে। এ সময় প্রশাসন হলগুলো ফেরত পেতে আবারও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে।বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে শিক্ষাসচিবের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে হলগুলো উদ্ধারে করণীয় ঠিক করতে ছয় সদস্যের কমিটি হয়। কমিটি যাচাই-বাছাই করে শহীদ আনোয়ার শফিক হল, শহীদ আজমল হোসেন হল, শহীদ শাহাবউদ্দিন হল, তিব্বত হল ও হাবিবুর রহমান হলের বর্তমান ইজারা বাতিল করে জায়গা বিশ্ববিদ্যালয়ের নামে ইজারা দেওয়ার সুপারিশ করে। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ৫ মে হলগুলোর দীর্ঘস্থায়ী ইজারা পেতে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে। ভূমি মন্ত্রণালয় তখন এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসনকে নির্দেশ দেয়। পরে ঢাকা জেলা প্রশাসন তদন্ত করে একটি প্রতিবেদন দেয়। এতে নানা জটিলতা উল্লেখ করে হাবিবুর রহমান হল ছাড়া আর কোনোটির ইজারা দেওয়া সম্ভব নয় বলা হয়। তবে সরকারের মাধ্যমে জনস্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হলগুলো অধিগ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়। এর পরও কয়েক দফা বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ফলাফল এখনো শূন্য।পুলিশের দখলে হল: ভূমিদস্যুরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবদুর রহমান হলটি দখল করে রেখেছেন পুলিশ সদস্যরা। জেলা প্রশাসনের প্রতিবেদনে জানা যায়, আরমানিটোলার এই হলটি কোতোয়ালি থানার অনুমতি নিয়ে ১৬ জন পুলিশ সদস্য পরিবারসহ বসবাস করছেন। খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ১৯৯৬ সালে সমাজসেবা প্রতিষ্ঠান মেনন আঞ্জুমান মালিকানা দাবি করে মামলা করে। ২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের পক্ষে রায়ও দেন। পরে এ বছরের শুরুতে হাইকোর্ট এই রায় স্থগিত করেন। জেলা প্রশাসনের ওই প্রতিবেদনে মামলাসহ নানা জটিলতায় হলটি ইজারা দেওয়া সম্ভব নয় উল্লেখ করে অধিগ্রহণের পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় ভূমি মন্ত্রণালয়ে অধিগ্রহণের জন্য আবেদনও করে। কিন্তু এক বছর পার হলেও বিষয়টি এখনো ঝুলে আছে। বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার-সম্পর্কিত উপকমিটির আহ্বায়ক মো. নুরুল মোমেন বলেন, ‘শিক্ষার্থীদের এই হলটি পুলিশ কর্তৃপক্ষ অধিগ্রহণের অপচেষ্টা করছে। তবে এখনো হলের মূল ফটকে “আবদুর রহমান হল পুলিশের তত্ত্বাবধানে” কথাটি লেখা আছে। উপাচার্যের বক্তব্য: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের সহযোগিতা করছে। তার পরও আমলাতান্ত্রিক জটিলতায় উদ্ধারপ্রক্রিয়া বিলম্ব হচ্ছে। বিষয়টি দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমরা তাঁর হস্তক্ষেপ চাইব।’তিনি বলেন, কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে ১০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা আছে। সেখানে হলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। একটি ছাত্রী হল নির্মাণে ৪০ কোটি টাকাসহ ১০০ কোটি টাকার একটি প্রকল্প প্রি-একনেক বৈঠকে অনুমোদন হয়েছে।